![]()
কুষ্টিয়া: ভেড়ামারায় নতুন বছরের দুই মাসেও এখনও সব বই পায়নি বেশ কয়েকটি শ্রেণির শিক্ষার্থীরা। বইয়ের অভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় চিন্তিত অভিভাবক ও শিক্ষার্থীরা। কাগজ সংকটের কারণে কাঙ্ক্ষিত মাত্রায় বই ছাপানো যাচ্ছে না বলে দাবি মুদ্রণ সমিতির। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বলছে, কিছু ছাপাখানা নোট-গাইড ছাপানোয় সময়মতো মিলছে না বই।
ভর দুপুরে উপজেলার বিভিন্ন স্কুল ঘুরে দেখা যায় যে, বিদ্যালয়ে ক্লাসের পরিবর্তে খেলায় মেতেছে শিক্ষার্থীরা। কোনো কোনো কক্ষে ক্লাস চললেও অনেকের হাতে নেই বই।
শিক্ষকরা বলছেন, বেশির ভাগ ক্লাসে সবগুলো বই হাতে পায়নি শিক্ষার্থীরা। শুধু আসা-যাওয়ায় ও অল্প পরিসরে সীমাবদ্ধ শ্রেণি কার্যক্রম চলছে।
বই না পাওয়ায় ছন্দহীন শিক্ষক, শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষাঙ্গন। নতুন বই পেতে অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। বছরের শুরুটাই বই ছাড়া কেটে যাওয়ায় পড়াশোনায় মনযোগ দিতে পারছেন না শিক্ষার্থীরা।
এখনো সন্তানের হাতে বই না পৌঁছানোয় কপালে চিন্তার ভাঁজ অভিভাবকদের। অনেকেই বাজার থেকে কিনছেন বিনামূল্যের বই। দ্রুত বইয়ের ব্যবস্থা করার দাবি তাদের।
দুই মাসেও কেন বই পেল না শিক্ষার্থীরা? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মনে।
আর/ এন
বাংলাদেশ সময়: ১৯:১২:৩১ ২১৬ বার পঠিত | ● নতুন ● বই ● ভেড়ামারা ● শিক্ষার্থী