![]()
নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি লঞ্চ ঘাটে দুই নারী যাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ঘাট ইজারাদার গোলাম মাওলা কাজলের বিরুদ্ধে। এ ঘটনায় আহতদের মধ্যে আকলিমা বেগম নামে একজন রোববার দুপুরে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
আহত দুজন হলো আকলিমা বেগম (৩৩) ও নাসিমা বেগম (৩০) তারা দুজনই বোন। তাদের বাড়ী তমরুদ্দি ইউনিয়নের আঠারোবেকি গ্রামে।
মামলার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার অভিযোগকারিনী আকলিমা বেগম তার বোন সহ ঢাকা থেকে হাতিয়া তমরুদ্দি লঞ্চ ঘাটে এসে পৌঁছায়। সকাল ৯ টায় তারা লঞ্চ থেকে নামার সময় তাদের সাথে থাকা মালামালের অতিরিক্ত ভাড়া দাবি করে ইজারাদারের লোকজন। আকলিমা ও তার বোন মালামালের অতিরিক্ত ভাড়া দাবি করার প্রতিবাদ করেন।
নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিতে হলে সে টাকার রশিদ দিতে হবে বলেন আকলিমা। এতে ইজারাদরের লোকজন ক্ষিপ্ত হয়ে আকলিমা ও তার বোনকে বেদম মারপিট শুরু করে। এতে আকলিমা মাথায় আঘাত প্রাপ্ত হয় এবং তার বোন নাসিমার পায়ে আঘাত পায়।
এসময় অভিযুক্তদের একজন আকলিমার গলা চেপে শাসরোধ করে হত্যার চেষ্টা করে। অনেকে তার শরীরের কাপড় খুলে শ্লীলতা হানির চেষ্টা করেন বলে মামলায় উল্লেখ করা হয়। ঘাটে উপস্থিত থাকা লোকজন আহত অবস্থায় আকলিমা ও তার বোনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করান। হাসপাতালে জরুরী বিভাগের ডাক্তার জানান,গুরুতর আহত আকলিমার মাথায় ৯ টি সেলাই দিতে হয়েছে। নাসিমা নামের অন্য একজনের পায়ে তিন টি সেলাই দিতে হয়েছে।
এ বিষয়ে রবিবার করা মামলায় আকলিমা আসামী করেন ঘাটের ইজারাদার ও উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি গোলাম মাওলা কাজলকে। এছাড়া একই ঘটনায় আসামী করা হয় উপজেলা বিএনপি সহ সভাপতি মোসলেহ উদ্দিন নিজাম ও যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর কবিরকে।
জানা যায়, তমরুদ্দি লঞ্চ ঘাটের ইজারাদার হলেন গোলাম মাওলা কাজল। ৫ আগষ্টের পর গোলাম মাওলা কাজল ঘাট থেকে পালিয়ে গেলে উপজেলা বিএনপি নেতা আলমগীর গোলাম মাওলা কাজল থেকে তমরদ্দি ঘাটের সকল কর্মকান্ড চুক্তি করে বুঝিয়ে নেন। পরবর্তীতে ইজারাদার আওয়ামীলীগ নেতা গোলাম মাওলা কাজলের সাথে বিএনপি নেতা আলমগীর সমঝোতা হয়। সেই থেকে আলমগীর ঘাটের দায়িত্ব এককভাবে নিয়ন্ত্রণ করে আসছেন। ঘাটের প্রতিদিনের রোজগার আলমগীর ও গোলাম মাওলা কাজলের প্রতি ছয়নিধিরা বসে ভাগবাটোয়ারা করে নেয়।
ঘাটে নারী যাত্রীকে পিটানোর বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত খোরশেদ আলম বলেন, আকলিমা নামে একজন থানায় মামলা দিয়েছে। আমরা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
আর/ এন
বাংলাদেশ সময়: ১৪:৫৮:২৩ ৫২০ বার পঠিত | ● ঘাট ইজারাদার ● নারী ● মারধর ● হাতিয়া