ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৫ মার্চ ২০২৫
প্রচ্ছদ » রাজশাহী » ভাঙ্গুড়ায় সরকারি অনুমোদন না থাকায় দুটি ইটভাটা বন্ধ

ভাঙ্গুড়ায় সরকারি অনুমোদন না থাকায় দুটি ইটভাটা বন্ধ


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ মার্চ ২০২৫


 ভাঙ্গুড়ায় সরকারি অনুমোদন না থাকায় দুটি ইটভাটা বন্ধ

 

পাবনা: ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুইটি ইটভাটয় এক লাখ টাকা করে জরিমানা এবং দুইটি ইটভাটা বন্ধ করেছে উপজেলা প্রশাসন। এছাড়া অপর ইটভাটাকে অনুমোদন ছাড়া মাটি সংগ্রহ করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার ও সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই আদেশ দেয়া হয়।

জানা যায়, ভাঙ্গুড়া উপজেলায় ছয়টি ইটভাটা রয়েছে। এদের মধ্যে শুধু কেএম হানিফ বাবলু এন্টারপ্রাইজের (বিইএল) ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সহ সরকারি অনুমোদন রয়েছে। অবশিষ্ট পাঁচটি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সহ কোনপ্রকার সরকারি অনুমোদন নেই। এরপরেও দীর্ঘদিন ধরে এসব ইটভাটা অবৈধভাবে ইট উৎপাদন ও বাজারজাত করে আসছিলেন।

বুধবার হাইকোর্টের নির্দেশ মোতাবেক উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে উপজেলার রয়েল এন্টারপ্রাইজ ও একতা এন্টারপ্রাইজের দুইটি ইটভাটা বন্ধ করে এক লাখ টাকা করে জরিমানা আদায় করেন। একই সাথে অবৈধভাবে মাটি সংগ্রহের দায়ে বিইএল ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে অন্য তিনটি ইটভাটা এবছর উৎপাদন বন্ধ রাখায় কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।

জানা যায়, প্রতিটি ইটভাটা তিন ফসলী জমিতে গড়ে তোলা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মোটা অংকের টাকার বিনিময়ে এসব ফসলী জমি বার্ষিক ইজারা নিয়েছে ইটভাটা মালিকরা। এতে ইটভাটার পাশের ফসলি জমিতে ফসল উৎপাদনে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া এসব ইটভাটাতে কাঁচামাল হিসেবে নদীর মাটি ও ফসলি জমির মাটি অবৈধভাবে ব্যবহার করে আসছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, বিধি মোতাবেক প্রয়োজনীয় সনদ না পাওয়া পর্যন্ত ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:৫২:০১   ১১৯ বার পঠিত  |