![]()
নারায়ণগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার আমির মমিনুল হক সরকার বলেছেন, জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে কোনো ধরনের বেষম্য থাকবে না। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ সকল দলমত ও হিন্দু, খ্রিষ্টান, বৈদ্ধসহ সকল জাতিধর্মের লোকদের সাথে নিয়ে কাজ করবে। সমাজ থেকে ঘুষ, দুর্নীতি, জুয়া, মাদকসহ অপরাধমূলক কাজ বন্ধ হবে। কারণ জামায়াতে ইসলামী আল্লাহর এই জমিন তার দ্বীন প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে।
সোমবার (১০ মার্চ) বিকেলে আড়াইহাজার থানা প্রেসক্লাবে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম আয়োজিত স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার সহকারি সেক্রেটারি আবু সাঈদ মুন্না, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি রুহুল আমিন, উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ মোহসীন মিয়া, উপজেলা দক্ষিণের আমীর মোতাহার হোসেন ভূঁইয়া, উত্তরের আমীর মাওলানা মনিরুল ইসলাম, উপজেলা দক্ষিণের সেক্রেটারী মাওলানা হাদিউল ইসলাম, উত্তরের সেক্রেটারী সাইফুল ইসলাম, আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।
মমিনুল হক সরকার বলেন, স্বাধীনতার পরে আমরা দেশ পরিচালনায় অনেক রাজনৈতিক দল ও নেতাকে দেখেছি। তাদের অনেক কথা শুনেছি। কিন্তু তাদের কাজের মাধ্যমে দেশ ও জনগণের প্রকৃত কল্যাণ হয়নি। এর কারণ হচ্ছে মানুষের বানানো নিয়ম দিয়ে এই কাজ সম্ভব নয়। একমাত্র কুরআনের আইন দিয়ে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করলে দেশের জনগণ এবং রাষ্ট্রের কল্যাণ করা সম্ভব। এমনকি জামায়াতে ইসলামী বাংলাদেশ ক্ষমতায় আসলে সাংবাদিকগণ স্বাধীনভাবে কাজ করার পথ সুগম হবে, মিডিয়ার ওপর কোনো ধরণের হস্তক্ষেপ থাকবেনা।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৫৪:২০ ৩৩২ বার পঠিত | ● আমির ● আড়াইহাজার ● জামাত ● জেলা