![]()
পটুয়াখালী: বাউফলে চাঁদা না দেয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও তালা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় শান্তা(১১) ও তোয়া(১২) নামে দুই শিশুকে মারধর করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বগা ইউনিয়নের বামনীকাঠী বাজারে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে আটক করেনি।
আজ বুধবার দুপুরে সরজমিনে গিয়ে কথা হয় ভুক্তভোগী ব্যবসায়ী মনিরুল ইসলাম কাজলের সাথে। তিনি বলেন, প্রায় ১০ বছর ধরে কসমেটিক্সের ব্যবসা করে আসছি। বামনীকাঠী গ্রামের মোবারক রাড়ীর দুই ছেলে কালাম রাড়ী ও তোতা রাড়ী কয়েক মাস ধরে ২লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। চাঁদার টাকা না দেওয়ায় গত মঙ্গলবার সকালে প্রথম দফায় দোকানে এসে হুমকি দেয়। বিকেল তিনটার দিকে কালাম ও তোতা রাড়ীর নেতৃত্বে ২০/২৫ লোকজন আমার দোকানে হামলা চালিয়ে দোকানের ক্যাশ বাক্স থেকে ৪০ হাজার টাকা লুট করে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে তালা দিয়ে যায়।
তবে দোকানে তালা দেওয়ার কথা স্বীকার করলেও লুটপাট,ভাংচুর ও চাঁদা দাবির কথা অস্বীকার করে কালাম রাড়ী বলেন, ওই দোকান ঘরের জমি আমার। তাই আমি তালা মেরে দিয়েছি।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আফ/আর