ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » ছেলের কবরে রাতের আঁধারে লুকিয়ে মাটি দিলেন বাবা

ছেলের কবরে রাতের আঁধারে লুকিয়ে মাটি দিলেন বাবা


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল ২০২৫


ছেলের কবরে রাতের আঁধারে লুকিয়ে মাটি দিলেন বাবা

টাঙ্গাইল: ছেলের কাঁধে বাবার লাশ উঠবে এটা স্বাভাবিক কিন্তু সেই বাবার কাঁধেই যদি একমাত্র ছেলের লাশ বহন করতে হয় তবে সেটা বেদনাদায়ক। এর থেকেও হতভাগা এক বাবা তার একমাত্র ছেলের লাশ কাঁধেও নিতে পারেনি, রাতের আঁধারে চুপিসারে এসে প্রাণপ্রিয় পুত্রের কবরে মাটি দিলেন বাবা।

রবিবার (২৭ এপ্রিল) বিকালে একটি ভিডিও ফুটেজ আসে । ভিডিওতে দেখাযায়, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি পাভেল রহমান লুকিয়ে তার ছেলের কবরে মাটি দিচ্ছেন। এসময় তাকে সান্তনা দিয়ে তার সঙ্গ দেন নিকরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ।

আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী আত্মগোপনে চলে গেছেন। ভয়ে কেউ প্রকাশ্যে বের হতে পারছেন না। আর সেই ভয়াবহ বাস্তবতায় ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা।

নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পাভেল রহমান যখন আত্মগোপনে, ঠিক তখনই পাভেলের কোলের ধন, তার একমাত্র ছেলে সাদমান রাফিদ ইফতি না ফেরার দেশে চলে যায়।

২৬ এপ্রিল ভোর ৬.৩০ ঘটিকায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ইফতি।

পরিবারে নেমে আসে শোকের কালো ছায়া।
কিন্তু সন্তানের শেষ বিদায়ে থাকতে পারলেন না পিতা। জীবনের ভয়, পুলিশের আতঙ্ক তাকে ঠেলে রাখলো অজানা অন্ধকারের দিকে।

শনিবার (২৬ এপ্রিল) বিকালে গ্রামের কবরস্থানে ইফতির দাফন সম্পন্ন হয়। চারপাশে শোকের নীরবতা, কান্নার শব্দ। অথচ বাবার চোখের জল শুকিয়ে গেছে লুকোনো কোনো ঘরের কোণে। ছেলের লাশ যখন গ্রামের মাটিতে নেমে আসে, তখনো সে অদৃশ্য… নিঃশব্দে কাঁদছিল কোথাও।

রাত গভীর হলে, আকাশে যখন চাঁদের আলো মিশে অশ্রু হয়ে নামে, পাভেল চুপিসারে আসে ছেলের কবরে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে নিঃশব্দ পায়ে ছুটে আসে সন্তানের শেষ ঠিকানায়।
কবরের পাশে হাঁটু গেড়ে বসে বাবার হাত, কাঁপা হাতে মাটি দিলো সন্তানের গায়ে।

মাটির গন্ধ আর কান্নার শব্দ মিলেমিশে এক হয়ে যায় রাতের অন্ধকারে। কেউ দেখেনি, কেউ শোনেনি, শুধু বাতাস বুঝেছে, এই পৃথিবীর সবচেয়ে মর্মান্তিক ব্যথার ভাষা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৭:০৯   ৩৯৩ বার পঠিত  |