![]()
পটুয়াখালী: কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড ও সাত নং ওয়ার্ড তাহেরপুর দিয়ার আমখোলা ও আজিমপুর দড়ি টানা খেয়াঘাটের সংযোগ আয়রন ব্রিজ ভেঙে খালের পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে।
মঙ্গলবার (২০ মে) সকাল ৫ টার দিকে এ ব্রিজটি দুম করে ভেঙে পড়ে তাহেরপুর আজিমপুরের লক্ষির খালের গুরুত্বপূর্ণ এই
ব্রিজটি।
ব্রিজটি ভেঙে পড়ার বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. কালাম জানান, দুই পাড়ের বাসিন্দাদের জন্য ব্রিজটি খুব গুরুত্বপূর্ণ। কারণ লক্ষীর এই খালটির এক প্রান্তে একটি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ অবস্থিত এবং অপর প্রান্তে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মসজিদ অবস্থিত। সেতুটি ভেঙ্গে পড়ায় স্কুল শিক্ষার্থী, মসজিদের মুসুল্লী ও এলাকাবাসীরা চরম ভোগান্তিতে পড়েছে। দ্রুত এই ব্রিজটি পুনঃনির্মাণের জোর দাবি জানাই।
স্থানীয় মো. মজিবর জানান, মঙ্গলবার সকালে ফজরের নামাজ আদায় করে মুসল্লিরা ব্রিজের উপরে আসলেই সেতুটির এক অংশ ভেঙে পড়া শুরু হয় তখন সেতুটি থেকে মুসল্লিরা দ্রুত নেমে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটে নাই। তবে দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে চলাচল করা এই ব্রিজটি একেবারে ধসে পড়ায় দুই পাশের অন্তত ১০টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন কুয়াকাটাগামী পর্যটকরাও। এখন লোকজন নৌকার মাধ্যমে এপার-ওপার পারাপার করছে। সামনে বর্ষাকাল আসতেছে ব্রিজটি দ্রুত পুনঃনির্মাণ করা না হলে স্কুল শিক্ষার্থী ও এলাকাবাসীর চরম ভোগান্তি পোহাতে হবে।
লতাচাপলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বলেন, দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ লক্ষীর খালের এই ব্রিজটি আজ সকালে ভেঙে পড়ে। ব্রিজটি বিভিন্ন স্থানে ভাঙাচুরা ছিল। এলাকাবাসী কাঠের তক্তায় জোড়া তালি দিয়ে মেরামত করে ব্যবহার করে আসছিল। দ্রুত ব্রিজটি পুনঃনির্মাণ করা না হলে ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসীর খুবই কষ্ট হয়ে যাবে। ব্রিজটি ভেঙ্গে পড়ার স্থান পরিদর্শন করেছি। এখানে আয়রন ব্রিজের পরিবর্তে যদি গার্ডার ব্রিজ নির্মাণ করা হয় তাহলে দীর্ঘদিন ব্রিজটি ব্যবহার করা যাবে। এ ব্রিজটি এলাকাবাসীর জন্য খুবই গুরুত্ব বহন করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্রিজ ভেঙে পড়ার বিষয়টি অবগত করেছি।
এ বিষয়ে এলজিইডি’র কলাপাড়া উপজেলার প্রকৌশলী মো. সাদিকুর রহমান বলেন, “বিষয়টি আমরা শুনেছি এবং সরেজমিনে তদন্ত করে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। অতি শিগগিরই ব্রিজ নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এন/ এস
বাংলাদেশ সময়: ২০:৫৭:৩৮ ৯৮ বার পঠিত | ● কলাপাড়া ● খাল ● ব্রীজ