![]()
ফরিদপুর: জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা বলেছেন, আমরা লক্ষ করছি গত ৫ আগস্টের পর শিক্ষক-শিক্ষার্থীদের আত্মসম্মানের জায়গায় অনেক অবনতি হয়েছে। তাই নিজেদের সম্মান বজায় রাখতে হবে শিক্ষকদের। আর শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে। শিক্ষাখাতে শুধু অবকাঠামো উন্নয়ন নয়, লেখাপড়াসহ সামগ্রিক উন্নয়ন করতে হবে। কমলমতি শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও ধর্মীয় অনুভতির শিক্ষা দিতে হবে। যাতে তারা কোনো অন্যায় কাজের সাথে জড়িত না হয়।
আজ মঙ্গলবার (২৭ মে) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় সালথা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আসবাবপত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের সকলের মধ্যে দেশপ্রেম থাকতে হবে। যতদিন নৈতিকতা এবং মানবিকতা সম্পন্ন দেশপ্রেমিক মানুষেরা দেশের নেতৃত্ব দেবে, ততদিন পথ হারাবে না বাংলাদেশ। সেই নেতৃত্ব তৈরি করতে হবে শিক্ষকদের। শিক্ষার্থীদেরকে নিজের ছেলে-মেয়ের মতো মনে করতে হবে। কমলমতি শিক্ষার্থীরা কাঁদা-মাটি মতো, ওদের যেভাবে গড়ে তুলবেন, ওরা সেভাবেই বেড়ে ওঠবে।
তিনি আরো বলেন, শিক্ষাই হচ্ছে জাতির মেরুদন্ড। তাই ফরিদপুর জেলার শিক্ষার মান উন্নয়নে ও শিক্ষার্থী ঝরেপড়া রোধ করতে জেলা প্রশাসনের পক্ষ হতে সার্বিক সহযোগিতা করা হবে। সকল শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে। লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের সুস্থ স্বাভাবিক মননশীল করে গড়ে তুলতে ও মাদকের ভয়াবহ ছোবল হতে রক্ষা করতে খেলাধুলারও দরকার আছে। শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহী করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ফরিদপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা অব্যহত থাকবে।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, আমি তিন কিলোমিটার পায়ে হেটে প্রাইমারী স্কুলে যেতাম। একবারে যেতে পারতাম না, মাঝখানে একবার বিরতি দিতাম। সুতরাং শিক্ষাপ্রতিষ্ঠান যত দূরেই হোক, এটা কোনো বিষয় না। মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে পারলেই, সেখানে শিক্ষার্থীরা যাবেই। শিক্ষকরা আমাদেরকে নৈতিক শিক্ষা দিয়েছেন। আমরা যত বড় অফিসারই হই না কেন, শিক্ষকদের চেয়ে বড় কিছু নয়। আমরা শিক্ষকদের রোল মডেল মনে করি। আমরা এখনো শিক্ষকদের পায়ে হাত দিয়ে সামাল করি।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান, সহকারী কমিশনার কাজী আরিফুর রহমান,
সালথা উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার, অতিরিক্ত কৃষি অফিসার (কৃষিবিদ) সুদীপ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বী নোমান, শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির প্রমূখ।
অনুষ্ঠান শেষে উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আসবাবপত্র, ক্রীড়া সামগ্রী ও স্কুলড্রেস, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের মাঝে ১৩ বান্ডিল ঢেউ টিন এবং ভিক্ষুকদের মাঝে ৩টি ছাগল বিতরণ করেন জেলা প্রশাসক।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:২১:১৬ ১৭৮ বার পঠিত | ● জেলা প্রশাসক ● ফরিদপুর ● শিক্ষক ● সালথা