![]()
ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জ উপজেলায় নানার বাড়ি থেকে নাজিম উদ্দিন (২৪) নামে এক আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের রামগোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ পারভেজ।
নাজিম উদ্দিন ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের তরফপাছাইল গ্রামের সাদেক মিয়ার ছেলে। তবে ছোটবেলা থেকেই তিনি নানার বাড়িতে থেকে বড় হয়েছেন। তিনি আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন সিলেটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ছুটি নিয়ে গত বৃহস্পতিবার নানার বাড়িতে আসেন নাজিম। শুক্রবার রাতে খাওয়ার পর নিজ কক্ষে ঘুমাতে যান। শনিবার সকাল ১০টার দিকে ঘুম থেকে না উঠায় তার নানি সালেমা খাতুন ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে উঁকি দেন। এ সময় তিনি নাজিমকে ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পাশের কক্ষের দেয়াল ভেঙে নাজিমের কক্ষে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে আসি। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, বিস্তারিত তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৫৯:১৫ ২১৩ বার পঠিত | ● ঈশ্বরগঞ্জ ● উদ্ধার ● মরদেহ