![]()
পটুয়াখালী: দুমকিতে মা-ইলিশ রক্ষায় চলমান বিশেষ অভিযানে গত ১০ দিনে ১৩ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক কিশোরসহ ১৪ জন জেলেকে আটক করা হলেও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় একজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- কলসকাঠী গ্রামের আ. সোবহান (৫৫), ঝাটরা গ্রামের সোরাপ মৃধা (৫২), মনির হোসেন (৪০), কাইয়ুম ফরাজী (২৫), সোহেল মৃধা (৪৫), জালাল তালুকদার (৫০), সোহাগ হাং (৩২), সাগর হাং (২৪), কাদের গাজী (৫৬), সবুজ শরীফ (৫০), ছালাম সিকদার (৫৫), মাহবুব তালুকদার (৩৫) ও কিশোর কাইয়ুম (১৪)। কিশোর কাইয়ুমকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে পায়রা, পান্ডব, পাতাবুনিয়া ও লোহালিয়া নদী থেকে জব্দ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল, যার বাজারমূল্য কয়েক লাখ টাকা। এসব জাল পরে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে ১০টি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, ‘মা-ইলিশ সংরক্ষণে এই অভিযান চলমান থাকবে। নদীতে টহল আরও জোরদার করা হয়েছে যেন কেউ নিষিদ্ধ সময়ে মাছ ধরতে না পারে।’
সরকার ঘোষিত ২২ দিনের ইলিশ প্রজনন মৌসুমে (৪-২৫ অক্টোবর) ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:৪৮:৩৯ ৯৯ বার পঠিত | ● ইলিশ ● কারাদণ্ড . দুমকি ● জেলে