ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে অবরোধ

বাউফলে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে অবরোধ


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


বাউফলে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে অবরোধ

পটুয়াখালী: বাউফলে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে অবরোধ কর্মসূচী পালন করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাউফল সরকারি কলেজের শিক্ষার্থীরা কলেজ গেটের সামনে বাউফল-বগা-বরিশাল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন।
প্রায় এক ঘণ্টা ধরে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন ‘অবৈধ ট্রলি বন্ধ করো, করতে হবে’, ‘অবৈধ ট্রলি চলবে না’, ‘নিরাপদ সড়ক চাই’ ইত্যাদি। এতে ওই সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, অবৈধ ট্রলির কারণে গত কয়েক বছরে বাউফলে ২০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তিন-চার দিন আগেও এক সেনা সদস্যসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। এরপরও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষার্থীদের দাবি, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত সড়কে এসব অবৈধ ট্রলির চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন,শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে। আমরা তাদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবো।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৪:৩৩   ৯০ বার পঠিত  |