ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » খুলনা » এক দশকেরও বেশি সময় ধরে জড়াজীর্ণ পাবলিক লাইব্রেরি ও জাদুঘর

এক দশকেরও বেশি সময় ধরে জড়াজীর্ণ পাবলিক লাইব্রেরি ও জাদুঘর


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫


এক দশকেরও বেশি সময় ধরে জড়াজীর্ণ পাবলিক লাইব্রেরি ও জাদুঘর

খুলনা: দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে অভিভাবকহীন অবস্থায় পড়ে আছে খুলনার পাইকগাছা উপজেলার একমাত্র সরকারি পাবলিক লাইব্রেরি ও জাদুঘর। একসময় পাঠক ও দর্শনার্থীতে সরগরম এই প্রতিষ্ঠানটি এখন নিস্তব্ধ ও জনশূন্য।
১৯৮৫ সালে পাইকগাছা পৌরসভার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত লাইব্রেরি ও জাদুঘরটি গড়ে তোলেন তৎকালীন উপজেলা চেয়ারম্যান স.ম. বাবর আলী। শুরুতে ২০০ বই নিয়ে যাত্রা শুরু করলেও পরে বইয়ের সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৫ হাজারে। শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছিলেন নিয়মিত পাঠক। প্রতিদিন পাওয়া যেত জাতীয় ও আঞ্চলিক ৯টি পত্রিকা।
কিন্তু গত এক যুগে লাইব্রেরিতে যোগ হয়নি কোনো নতুন বই, বন্ধ হয়ে গেছে পত্রিকা সরবরাহও। ভবনটি এখন ভগ্নদশায়, পাঠকশূন্য কক্ষগুলোতে জমেছে ধুলো। ১৯৯৯ সালে উপজেলা প্রশাসনের কাছ থেকে পৌরসভা অলিখিতভাবে প্রতিষ্ঠানটির দায়িত্ব নিলেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।
মাস্টাররোলে কর্মরত লাইব্রেরিয়ান শেখ রাকিব সিফাত বলেন, আমি আছি না থাকার মতো। এখানে কাজ করার কোনো পরিবেশ নেই।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহেরা নাজনীন জানান,লাইব্রেরি ও জাদুঘরটি পুনর্জীবিত করতে উদ্যোগ নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩১:৪৬   ৮৬ বার পঠিত  |