![]()
পটুয়াখালী: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় তরুণ প্রজন্মকে আরও সচেতন, দায়িত্বশীল ও সক্রিয় করে তুলতে পটুয়াখালীতে অনুষ্ঠিত হলো পরিবেশভিত্তিক সচেতনতা উদ্যোগ “গ্রিন এনার্জি অলিম্পিয়াড ২০২৫”। ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন (ডিওয়াইএফ)-এর আয়োজনে আজ (৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে পটুয়াখালী সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অলিম্পিয়াডে অংশ নেয় দুই শতাধিক শিক্ষার্থী।
আয়োজক প্রতিষ্ঠান ডিওয়াইএফ জানায়, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পটুয়াখালী জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ হাজার শিক্ষার্থীকে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করা। পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে উদ্বোধনের পর পটুয়াখালী সরকারি কলেজে অনুষ্ঠিত এই আয়োজনটি ছিল অলিম্পিয়াডের সপ্তম পর্ব।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান শিশির রঞ্জন হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সচিব মো: সাকির হোসেন।
বক্তারা সম্মিলিতভাবে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বিশ্বাস করেন, “গ্রিন এনার্জি অলিম্পিয়াড ২০২৫”-এর মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশবান্ধব জীবনধারার প্রতি আগ্রহ সৃষ্টি করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে ডিওয়াইএফের কার্যনির্বাহী সদস্য মোসা: তানজিলা আক্তার এর সঞ্চালনায় অলিম্পিয়াডের সভাপতিত্ব করেন ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আহাম্মদ কাওসার ইবু। তিনি এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, “‘জাগো তরুণ, বদলাও দেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে আমরা তরুণদের হাতে একটি টেকসই ভবিষ্যতের স্বপ্ন তুলে দিচ্ছি। “গ্রিন এনার্জি অলিম্পিয়াড ২০২৫” শুধু একটি দিনব্যাপী আয়োজন নয়; বরং জলবায়ু-বান্ধব প্রজন্ম গঠনের পথে একটি দৃঢ় ও অনুপ্রেরণামূলক পদক্ষেপ।
ডিওয়াইএফ বিশ্বাস করে এসব উদ্যোগই আগামী দিনের জলবায়ু যোদ্ধা তৈরি করবে, যারা দেশকে নেতৃত্ব দেবে একটি টেকসই ও পরিবেশবান্ধব ভবিষ্যতের দিকে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:৩৫:৪৩ ৬৮ বার পঠিত | ● অলিম্পিয়াড ● গ্রিন এনার্জি ● সপ্তম পর্বে পটুয়াখালী