![]()
গাজীপুর: কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজারে লাইসেন্স ও বনবিভাগের অনুমোদন ছাড়া অবৈধভাবে দীর্ঘ ১০ বছর ধরে করাত কলের ব্যবসা করছেন। অবৈধভাবে গড়ে উঠা করাতকলে ব্যবসা বন্ধ করার জন্য এর আগে বনবিভাগের তরফ থেকে তাদের নোটিশ দেয়া হয়। নোটিশ পাওয়ার পরও কোনো ধরনের তোয়াক্কা না করে চারটি করাতকলের মালিকপক্ষ ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যান।
এরই পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জাকিয়া সরওয়ার লিমা ওই চার করাতকলের ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। করাত কলের মালিকপক্ষ যথাযথ লাইসেন্স ও বনবিভাগের অনুমোদনের কাগজপত্র, কাঠের ভাইচার দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের আর্থিক জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
করাতকলের মালিক মো. রাসেল খান, মো. কাউয়ুম খান, মামুন খান ও কামাল হোসেন ভূইয়া প্রত্যেকে ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা করাতকল লাইসেন্স বিধিমালা ২০১২ এর ১২ ধারায় ৪ টি করাত কলের মালিকদের আর্থিক জরিমানা করা হয়। পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন, মিটার, করাত ও কিছু পরিমাণ কাঠ জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, বনবিভাগের অনুমোদন ছাড়া অবৈধভাবে গড়ে উঠা করাতকলে অভিযান পরিচালনা করা হয়। মালিকপক্ষ দীর্ঘ ১০ বছর যাবত লাইসেন্স ছাড়া ব্যবসা করে যাচ্ছেন। করাতকল বন্ধ করে মালিকপক্ষকে আর্থিক জরিমানা করা হয়েছে। অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এই সময় উপস্থিত ছিলেন, রাজেন্দ্রপুর রেঞ্জ অফিসার জুয়েল রানা, সূর্য নারায়ণপুর বিট অফিসার তৌহিদুল ইসলাম, কালীগঞ্জ থানার এসআই আসলাম হোসেন, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:১৩:৩০ ৪৭ বার পঠিত | ● অবৈধ চার করাতকল ● আর্থিক জরিমানা ● কালীগঞ্জ ● মালিক