ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ হাদির মৃত্যুতে দোহারে প্রতিবাদের ঝড়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ হাদির মৃত্যুতে দোহারে প্রতিবাদের ঝড়


মাহবুবুর রহমান টিপু, ( ঢাকা )
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫


 ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ হাদির মৃত্যুতে দোহারে প্রতিবাদের ঝড়
ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদির মৃত্যুতে সারাদেশের ন্যায় দোহারেও তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ও শুক্রবার দুপুর ২টার পর উপজেলার করম আলী মোড় এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থী ও নেতৃবিন্দ এবং দোহার বিল্পবী ছাত্র-জনতার ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে যোগ দেন।এছাড়া একই সময়ে পদ্মা ডিগ্রী কলেজ দোহার বিল্পবী ছাত্র-জনতার ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।
করম আলী মোড় এলাকায় বিক্ষোভ ও পথ সভায় এনসিপির দক্ষিন অঞ্চলের কেন্দ্রীয় সংগঠক মো.রাসেল আহম্মেদ বলেন, ‘শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব ও জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা এই যুদ্ধের জন্য প্রস্তুত। হাদি ভাইয়ের রক্তের দাম ও দেশের স্বাধীনতা আমরা বৃথা যেতে দেব না।’
অপরদিকে শুক্রবার বিকাল ৪ টায় ঢাকা-১ আসন দোহার উপজেলার কুসুমহাটি এলাকায় জামায়াতের একটি দাওয়াতী সফরে ও নিবার্চনী উঠান বৈঠকে থাকা অবস্থায় সন্ত্রাসীদের দ্বারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর কাপুরুষোচিত হামলা ও মৃত্যুর খবর পাওয়ায় জামায়াতের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম তাৎক্ষণিক এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উল্লেখ্য বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি মৃত্যুবরণ করেন। হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পরপরই ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতা বিক্ষোভে ফেটে পড়ে। বিচার দাবিতে রাজপথে নেমে আসে হাজারো মানুষ, যার ফলে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে দোহার উপজেলায় কোন অপ্রতিকর ঘটনা ঘটে নাই।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৭:৫৬   ১৫০ বার পঠিত  |