![]()
পটুয়াখালী: সাপ্তাহিক ছুটিকে ঘিরে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটকে টইটুম্বুর হয়ে উঠেছে। জিরো পয়েন্ট, ঝাউবাগান, গঙ্গামতি ও লাল কাঁকড়ার চরসহ বিভিন্ন পর্যটন স্পটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ সৈকতজুড়ে রেকর্ডসংখ্যক পর্যটকের পদচারণায় মুখরিত কুয়াকাটা।
পর্যটকদের আগমনে ব্যস্ত সময় পার করছেন হোটেল-মোটেল, রেস্তোরাঁ, মার্কেটসহ পর্যটন সংশ্লিষ্ট সব ব্যবসায়ী। সংশ্লিষ্টরা জানান, আগত পর্যটকদের একটি বড় অংশ পিকনিক পার্টি। শুক্রবার সকাল থেকেই তারা পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে আনন্দ-হইহুল্লোড়ে মেতে ওঠেন। দেখা গেছে, কেউ সমুদ্রের ঠান্ডা পানিতে পা ভিজিয়ে উপভোগ করছেন, কেউ ঘোড়া ও অন্যান্য বাহনে চড়ে সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে দেখছেন। আবার কেউ সৈকতের বেঞ্চিতে বসে তীরে আছড়ে পড়া ছোট ছোট ঢেউ আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ বলে জানান অনেক পর্যটক।
পর্যটক আনোয়ার হোসেন বলেন, “বছরে এক-দু’বার ভ্রমণে বের হই। কুয়াকাটা আমাদের সবচেয়ে পছন্দের জায়গা। তাই সাপ্তাহিক ছুটি পেয়ে পরিবার নিয়ে এখানে এসেছি।” অপর পর্যটক লামিয়া আলমাস বলেন, “কুয়াশার কারণে সূর্যোদয় দেখতে পারিনি। তবে বিকেলে গোধূলিলগ্নে পশ্চিম আকাশে সূর্যাস্ত দেখে আমরা মুগ্ধ হয়েছি। কুয়াকাটার বিভিন্ন পর্যটন স্পট ঘুরে খুব ভালো লেগেছে।”
গ্রিন ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন রাজু জানান, যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় দিন দিন কুয়াকাটায় পর্যটকের সংখ্যা বাড়ছে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এন/আর
বাংলাদেশ সময়: ১৯:২৭:১৭ ৫৭ বার পঠিত | ● কুয়াকাটা ● টইটুম্বুর ● সৈকত পর্যটক