![]()
পাবনা: সুজানগর পৌর বাজার এলাকা থেকে মো. রিপন হোসেন নামের এক ব্যবসায়ীকে অপহরণের পর মারপিট করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় ওই মুদি ব্যবসায়ী পৌর বাজারের নন্দিতা সিনেমা হল মার্কেটের পাশে তাঁর তৈলের গোডাউনে তৈল আনতে গেলে তিনি অপহরণের শিকার হন। এ ঘটনার পর অপহৃত ব্যবসায়ী ও তাঁর পিতার কাছ থেকে ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে অপহরণকারীরা।
এ ঘটনায় পর থেকে সুজানগর পৌর বাজারের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় অপহৃত ব্যবসায়ী মোঃ রিপন হোসেন বাদী হয়ে রবিবার রাতে মোঃ সবুজ হোসেনসহ অজ্ঞাতনামা ৪/৫জনকে আসামি করে সুজানগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত সবুজ সুজানগর পৌরসভার ২ নং ওয়ার্ডের ভবানীপুর পূর্বপাড়া এলাকার মৃত কসিম উদ্দিনের ছেলে। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া বান্নাইপাড়া গ্রামের সিদ্দিক প্রামানিকের ছেলে রিপন হোসেন সুজানগর পৌর বাজারের ফুটপাতে মুদি ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছে।
রবিবার সন্ধ্যায় তিনি তার ভাগিনা আলামিনকে সঙ্গে নিয়ে গোডাউনে মজুদ করে রাখা তৈল আনতে গেলে অভিযুক্ত সবুজসহ ৪-৫ জনের একটি দল ব্যবসায়ী রিপনকে মারধর করে টেনেহেঁচড়ে জোরপূর্বক একটি মোটরসাইকেলে উঠিয়ে সুজানগর মহিলা ডিগ্রি কলেজের পিছনে পরিত্যক্ত স্থানে নিয়ে যায়।এ সময় তার সঙ্গে থানা নগদ ১০ হাজার টাকা অপহরণকারীরা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাকে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে আহত করে। পরে অপহরণকারীরা ০১৭৫২-০৬২৫৯৬ মোবাইল ফোনের মাধ্যমে ব্যবসায়ী রিপনের পিতা সিদ্দিক প্রামানিককে ডেকে নিয়ে অপহৃত ব্যবসায়ীর পিতার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
ছেলেকে মুক্ত করতে এ সময় সিদ্দিক অপহরণকারীদের ১০ হাজার টাকা প্রদান করে।মুক্তিপণ দেওয়ার পর ওই দিন রাত ৯টার দিকে অপহরণকারীরা ওই ব্যবসায়ীকে ছেড়ে দেয়। এদিকে অপহরণের শিকার ব্যবসায়ী রিপন হোসেন এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন। এ ব্যাপারে অভিযুক্ত সবুজের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
পাবনা সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) সাদিক আহমদ বলেন, অপহৃত ব্যবসায়ী এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার আদ্যোপান্ত পুলিশের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:০১:৪৪ ২৭ বার পঠিত | ● অপহরণ ● ব্যবসায়ী ● সুজানগর