ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৪ মার্চ ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চরফ্যাসনের যুবকের মৃত্যু

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চরফ্যাসনের যুবকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ ২০২৬


 মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চরফ্যাসনের যুবকের মৃত্যু

ভোলা: মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভোলার চরফ্যাসনের এক প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত প্রবাসী যুবকের নাম মো: রবিন মোল্লা। নিহত রবিন মোল্লা  চরফ্যাসন উপজেলার আসলামপুর ইউনিয়নের খোদেজা বাগ ৯ নম্বর ওয়ার্ডের মোল্লা মো: সিরাজ মোল্লা ছেলে। প্রায় দুই বছর আগে জীবিকার তাগিদে মালদ্বীপে পাড়ি জমান রবিন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন প্রতিদিনের মতো কাজ শেষে রাতের খাবার খেয়ে রুমের সদস্যদের সঙ্গে কথা বলে ঘুমিয়ে পড়েন তিনি। রাত আনুমানিক ২টার দিকে তাদের থাকার রুমে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে রবিন মোল্লাসহ রুমে থাকা আরও চারজন ঘটনাস্থলেই নিহত হন।
জানা গেছে, ব্যাংক ঋণ ও ধার করা টাকায় প্রবাসে গিয়েছিলেন রবিন। নানা টানাপোড়েনের মধ্য দিয়ে চলছিল তার পরিবার। অবিবাহিত রবিন প্রবাসে থেকে আয় করে ঋণ পরিশোধ করে দেশে ফিরে একটি ঘর নির্মাণ ও বিয়ে করার স্বপ্ন দেখতেন। কিন্তু মর্মান্তিক এই দুর্ঘটনায় তার সব স্বপ্নই মুহূর্তে শেষ হয়ে গেছে।
রবিনের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পরিবার ও এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
নিহতের পরিবারের দাবি, দ্রুত সময়ের মধ্যে রবিন মোল্লার মরদেহ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:২৫:১৬   ৭৬ বার পঠিত  |