ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২২ মার্চ ২০২৬
প্রচ্ছদ » ময়মনসিংহ » দুর্গাপুর হবে মানবিক জনপদ, গড়ে উঠবে পর্যটন হাব: কায়সার কামালের দৃঢ় অঙ্গীকার

দুর্গাপুর হবে মানবিক জনপদ, গড়ে উঠবে পর্যটন হাব: কায়সার কামালের দৃঢ় অঙ্গীকার


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬


দুর্গাপুর হবে মানবিক জনপদ, গড়ে উঠবে পর্যটন হাব: কায়সার কামালের দৃঢ় অঙ্গীকার

নেত্রকোনা: সীমান্তবর্তী ও ঐতিহ্যবাহী উপজেলা দুর্গাপুরকে একটি ‘মানবিক জনপদ’ ও সমৃদ্ধ ‘পর্যটন হাব’ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, “আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। সস্তা হাততালির জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিতে আসিনি—মানুষের কল্যাণেই কাজ করতে চাই।”

রবিবার (২২ মার্চ) দুপুরে ‘দুর্গাপুর প্রেসক্লাব’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি তোবারক হোসেন খোকন।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত প্রতিষ্ঠাতাদের স্মরণ করে ডেপুটি স্পিকার তরুণ সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ ও নির্যাতিত মানুষের ঢাল। আপনারা নিউজের ভেতরের নিউজ তুলে ধরেন—এই সাহসী লেখনীই বদলে দিতে পারে সমাজ।”

রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ দখলের কঠোর সমালোচনা করে তিনি হুঁশিয়ারি দেন, কোনো প্রভাবশালী ব্যক্তি সাধারণ মানুষের সম্পদ বা ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা দখল করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।

দুর্গাপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, নতুন রেললাইন স্থাপন, সোমেশ্বরী ও মহাদেও নদীর ওপর সেতু নির্মাণসহ একাধিক মেগা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই চলছে। শিগগিরই এসব প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বালু উত্তোলন প্রসঙ্গে তিনি বলেন, “অবৈজ্ঞানিকভাবে বালু উত্তোলন করে কিছু মানুষের পকেট ভারী করার দিন শেষ। পরিবেশের ভারসাম্য রক্ষা করে বৈধ ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বালু উত্তোলন নিশ্চিত করা হবে।”

এসময় তিনি কুল্লাগড়া, দুর্গাপুর সদর, লেংগুরা, খারনৈ ও রংছাতি ইউনিয়নকে ঘিরে একটি আধুনিক পর্যটন হাব গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। এতে কর্মসংস্থান সৃষ্টি ও নাগরিক সুবিধা বাড়বে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা এবং বিশিষ্ট চিকিৎসক ড. দিবালোক সিংহ।
এছাড়া স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১১:৩০   ৬৬ বার পঠিত  |