![]()
ঠাকুরগাঁও: পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদ রাখার অপরাধে আর এন ফিলিং স্টেশনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবির এ জরিমানা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযোগ ছিল আর এন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ অবৈধভাবে পেট্রোল মজুদ করে গোপনে বিক্রি করে। গতকাল শনিবার প্রায় ১০০ লিটার পেট্রল জারকিনে ভরে পাম্পের টয়লেটে মজুদ করে রাখেন পাম্প মালিক। খবর পেয়ে উপজেলা প্রশাসন শনিবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে পাম্পের টয়লেট থেকে পেট্রোল ভর্তি ১০টি জারকিন উদ্ধার করে।
এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাম্প মালিক রেজওয়ানুল হককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবির। রেজওয়ানুল হক উপজেলার সেনুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সহকারি কমিশনার (ভূমি) এনএম ইশফাকুল কবির জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার অপরাধে তেল পাম্প মালিককে জরিমানা করা হয়েছে। মজুদদারি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:২৬:১১ ১০০ বার পঠিত | ● পীরগঞ্জ ● পেট্রল মজুদ