ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেফতার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেফতার


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬


 সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেফতার
ঢাকা: দোহার উপজেলার শাইনপুকুর এলাকার চাঞ্চল্যকর রাফি হত্যা মামলার আসামি মিজানুর রহমান শাহিনকে বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পিবিআই।
বুধবার (৮ এপ্রিল) ভোর ৪টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জার্মান যাওয়ার চেষ্টা করছিলেন।
মিজানুর রহমান (শাহিন) সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভাতিজা ও শাইনপুকুর এলাকার আজিজুল রহমান মিরাজের ছেলে।

বুধবার দুপুরে ঢাকার আদালতে নেওয়া হলে আদালত জামিন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। পিবিআইর পরিদর্শক মো. জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পিবিআই সূত্র জানায়, ২০২৫ সালের ২০ মে রাফিকে হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের এজাহার নামীয় শহিদ, টিটু, হুকুম আলী, আলামিন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। বাতেন নামের এক আসামি পলাতক আছেন। গ্রেফতার আসামি আলামিনের স্বীকারোক্তিতে আসামি মিজানুর রহমান শাহিনের নির্দেশনায় এ হত্যাকাণ্ড সংগঠিত হয়।

পিবিআইর পরিদর্শক মো. জামাল উদ্দিন তথ্য নিশ্চিত করে জানান, আসামী শাহিন দীর্ঘ ১১মাস যাবত পলাতক অবস্থায় ছিল। বুধবার ভোরে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি অন্য একটি দেশ হয়ে জার্মান যাওয়ার চেষ্টা করছিল।

তিনি আরও জানান, আসামিকে গ্রেফতারের পর অধিকতর তদন্তের জন্য সংবাদ মাধ্যমকে জানাতে দেরি হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩২:০০   ১০৮ বার পঠিত  |