ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » পবিপ্রবিতে হামলার ঘটনায় কৃষক দল নেতা মর্তুজা বিল্লাহ গ্রেপ্তার

পবিপ্রবিতে হামলার ঘটনায় কৃষক দল নেতা মর্তুজা বিল্লাহ গ্রেপ্তার


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬


 পবিপ্রবিতে হামলার ঘটনায় কৃষক দল নেতা মর্তুজা বিল্লাহ গ্রেপ্তার

পটুয়াখালী: বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুমকি উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মামলার ১৪ নম্বর এজাহারভুক্ত আসামি।
বৃহস্পতিবার রাত একটার দিকে দুমকি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে একই মামলায় উপজেলা ছাত্রদল নেতা গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলাকালে বিএনপির একটি পক্ষ হামলা চালায়। এতে শিক্ষক ও কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হন।
ঘটনার দুই দিন পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মুকিত মিয়া বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে দুমকি থানায় মামলা করেন। ওসি আরও জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে বিশেষ টিম কাজ করছে। এর ধারাবাহিকতায় মর্তুজা বিল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, কৃষক দল ও শ্রমিক দলের নয়জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্র জানিয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৪:০৩:৩৪   ১১৪ বার পঠিত  |