![]()
পটুয়াখালী: বাউফলে ইয়াবা বিক্রির সময় উপজেলা ছাত্রদলের এক সাধারণ সম্পাদক সহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের। শুক্রবার, ২৬ জুন বিকেল ৫টার দিকে উপজেলার নুরাইনপুর ডিগ্রি কলেজের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও নুরাইনপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মালেক ভূইয়ার ছেলে রুবেল ভূইয়া এবং একই এলাকার বারেক জোমাদ্দারের ছেলে সিফাত উল ইসলাম সিফাত (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় রুবেল ভূইয়ার কাছ থেকে তিন পিস এবং সিফাত উল ইসলাম সিফাতের কাছ থেকে চার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, তারা ওই সময় ইয়াবা বিক্রি করছিলেন। দীর্ঘদিন ধরে তাদের ওপর নজরদারি চালিয়ে তথ্য সংগ্রহের পর এ অভিযান পরিচালনা করা হয়। তবে ঘটনাস্থল থেকে কোনো ক্রেতাকে আটক করা সম্ভব হয়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৫৮:৪৮ ৪ বার পঠিত | ● আটক ● ইয়াবা ● ছাত্রদল ● নেতা ● বাউফল