![]()
ফরিদপুর: সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে মাঝারদিয়া ইউনিয়নের ছাত্র ও যুবসমাজের উদ্যোগে মাঝারদিয়া বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মাঝারদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহিদুজ্জামান সাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান।
প্রধান অতিথির বক্তব্যে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন। বলেন, মাদক বর্তমানে সমাজের অন্যতম প্রধান সমস্যা। এর কারণে যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে, পারিবারিক ও সামাজিক অস্থিরতা বাড়ছে এবং অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। ব্যক্তি, পরিবার ও সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এন/ এন
তিনি বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়। এ জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের পাশাপাশি সাধারণ মানুষেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবুলুর রহমান খান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক ব্যবসায়ী, কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে হবে। সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে একটি মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব। এ সময় তিনি মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব, সাবেক প্রধান শিক্ষক রবিউল আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, কাজী কামরুল, সেলিম মাতুব্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি মাঝারদিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকের কুফল সম্পর্কে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান দেন। পরে মাদক নির্মূল ও যুবসমাজকে সচেতন করতে ধারাবাহিক প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয়দের মতে, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি তরুণদের মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ সময়: ২৩:৩৫:৪৩ ২২ বার পঠিত | ● মাদকবিরোধী ● সমাবেশ ● সালথা