ঢাকা    বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৮ জুলাই ২০২৬
প্রচ্ছদ » চট্রগ্রাম » কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত মরদেহ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত মরদেহ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ৮ জুলাই ২০২৬


কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত মরদেহ

পটুয়াখালী: পর্যটনকেন্দ্র কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকার ফরেস্ট রিজার্ভসংলগ্ন সৈকত থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি সাগরে নিখোঁজ কোনো ব্যক্তি অথবা সম্প্রতি বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কোনো জেলের মরদেহ হতে পারে। তবে পরিচয় নিশ্চিত হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে চাইছে না পুলিশ। মঙ্গলবার,৭ জুলাই সন্ধ্যা সোয়া ৬টার দিকে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যান। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে কয়েকজন ব্যক্তি গঙ্গামতি সৈকতে গোসল করতে গিয়ে সাগরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। পরে খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি অর্ধগলিত থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও সাদা গেঞ্জি। গেঞ্জিতে ‘বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা এবং সংগঠনের লোগো থাকায় সেই সূত্র ধরে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

স্থানীয়দের ধারণা, কয়েকদিন আগে মৃত্যুর পর জোয়ার-ভাটার স্রোতে মরদেহটি গঙ্গামতি সৈকতে ভেসে এসেছে। সম্প্রতি বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে একাধিক মাছ ধরার ট্রলার দুর্ঘটনার শিকার হয়েছে এবং কয়েকজন জেলে এখনও নিখোঁজ রয়েছেন। ফলে উদ্ধার হওয়া মরদেহটি তাদের কারও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা অথবা স্বজনদের মাধ্যমে পরিচয় শনাক্তের প্রয়োজন হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, গঙ্গামতি এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থার সাথেও যোগাযোগ করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৯:২২   ৪৩ বার পঠিত  |