![]()
বরিশাল: আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় দায়ের করা মামলায় আগৈলঝাড়া প্রেসক্লাবের দুই সাংবাদিকে আসামি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবী জানিয়েছে সাংবাদিকরা।
পুলিশের দায়ের করা এ মামলায় ৪৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির বরিশাল ব্যুরো ইনচার্জ এফ. এম. নাজমুল রিপনকে ২১ নম্বর এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি সাইফুল ইসলামকে ২৩ নম্বর আসামি করা হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে হামলাকারীদের প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্ত সাংবাদিক এফ. এম. নাজমুল রিপন বলেন, সম্প্রতি প্রকাশিত কয়েকটি সংবাদের জেরে তার বিরুদ্ধে একাধিক সাধারণ ডায়েরী হয়। অপর আসামি সাইফুল ইসলাম জানান, উদ্দেশ্যপ্রনোদিতভাবে তাদের মামলায় জড়ানো হয়েছে।
অন্যদিকে আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান বলেন, ভিডিও ফুটেজ, প্রাথমিক তদন্ত এবং অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে হামলাকারী ও হামলায় উসকানিদাতাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একাধিক তদন্ত দল কাজ করছে। তদন্তে কেউ নির্দোষ প্রমাণিত হলে তাকে হয়রানি করা হবে না এবং প্রয়োজন হলে আইনানুগভাবে মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করা হবে।
আগৈলঝাড়া প্রেসক্লাবের দুই সাংবাদিকের নামে মামলা দায়ের হওয়ায় শনিবার দুপুরে আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, কে এম আজাদ রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস ননী, সহ-সভাপতি এইচ এম মাসুম, যুগ্ম সম্পাদক এল আর মানিক, সদস্য বরুন বাড়ৈ,
আকাশ মাহামুদ, মানিক হাওলাদার, স্বপন দাসসহ প্রমুখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৩৫:৪৭ ৩ বার পঠিত | ● আগৈলঝাড়া ● মামলা ● সাংবাদিক