নারায়ণগঞ্জ: আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে প্রবাসী যুবক সিয়াম মিয়াকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কেউকে গ্রেপ্তার করতে পারেনি। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্দ এলাকাবাসী শনিবার বিকেলে বিক্ষোভ করেছে। স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ নিহত পরিবারের সাথে সাক্ষাত করে এলাকাবাসীকে হত্যাকাণ্ডেরর সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লস্করদী গ্রামের মোক্তার হোসেন ও ব্রাহ্মন্দী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিনের মধ্যে দীর্ঘ দিন ধরে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব বিরাজ করছিল। এ নিয়ে বুধবার বিকেল তপন মিয়ার বাড়ীর পাশে শালিসী বৈঠক শেষে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষরা সিয়ামকে কুপিয়ে গুরুতর জখম করে।
আশংকাজনক অবস্থায় সিয়ামকে ঢাকায় পাঠানো হলে পপুলার হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় বৃহষ্পতিবার সকাল ১১টার দিকে সিয়ামের মৃত্যু হয়। এ ঘটনায় শুক্রবার সিয়ামের পিতা মোক্তার হোসেন বাদী হয়ে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪জনকে আসামী করে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, পুলিশ চিহ্নিত আসামীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে বিক্ষোভ প্রবাসী যুবক সিয়াম মিয়া হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শনিবার বিকেলে লস্করদী এলাকায় বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় ওই সময় পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, সিয়াম অত্যন্ত ভদ্র ও নম্র একজন যুবক ছিলো। একমাস পর ছুটি শেষে কম্বোডিয়ায় চলে যেত। তাকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গ্রেপ্তারে পুলিশ তালবাহানা করলে থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচী দেয়ার হুশিয়ারি দেয়া হয় বিক্ষোভ মিছিল থেকে।
নিহত সিয়ামের পরিবারের পাশে এমপি আজাদ
এদিকে শনিবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ স্বস্ত্রীক ও দলীয় নেতা কর্মীদেরকে সাথে নিয়ে ব্রাহ্মন্দী ইউনিয়নের লষ্করদীতে নিহত প্রবাসী যুবক সিয়ামে বাড়ীতে গিয়ে নিহত পরিবারের সদস্যদেরকে ন্যায় বিচারের আশ্বাস ও শান্তনা দেন।
সাংসদ নজরুল ইসলাম আজাদ বলেন, “আড়াইহাজারের প্রতিটি পরিবার আমার পরিবার। একটি তরুণ প্রাণের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমি প্রশাসনের সঙ্গে কথা বলব, যাতে ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যায়।”
এসময় সাংসদের সহধর্মিনী নাঈমা নুসরাত জিনিয়া, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, সাংসদের একান্ত সচিব মো. ওয়ালিউল্লাহসহ স্থানীয় বিএনপি ও এর অংগসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৫০:৫৪ ৫ বার পঠিত | ● আড়াইহাজার ● কুপিয়ে ● প্রবাসী ● যুবক ● হত্যা