![]()
পাবনা: সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নসহ উপজেলার নদী ভাঙন কবলিত বিভিন্ন এলাকায় জিও ব্যাগ ফেলানো কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের বরখাপুর এলাকায় ভাঙনরোধে এ জিও ব্যাগ ফেলানো কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব।
প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নদীভাঙনে ক্ষতিগ্রস্থ মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে জানিয়ে উদ্বোধনকালে এমপি সেলিম রেজা হাবিব বলেন, এ মৌসুমে সুজানগর ও বেড়া উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করে। প্রাথমিকভাবে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলানো হচ্ছে। প্রয়োজন অনুযায়ী এ কার্যক্রম চলবে।
তিনি আরো বলেন, নদীপাড়ের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে সেই লক্ষ্য নিয়ে কাজ করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সরকার। এ সময় সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ, বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা, পাবনা পানি উন্নয়ন বোর্ডেরতত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপ বিভাগীয় প্রকৌশলী রাজু আহমেদ, বেড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা ডাক্তার আব্দুস সালাম, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক হারুনর রশীদ হাজারী,বিএনপি নেতা আবদুল ওহাব সিকদার ও আক্কাজ আলী মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:২৬:৫৯ ১৭ বার পঠিত | ● এমপি ● সুজানগর ● সেলিম রেজা হাবিব