![]()
পিরোজপুর: কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং বিভিন্ন ধরনের অপরাধ দমনের লক্ষ্যে থানা পুলিশের উদ্যোগে এক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) মাগরিবের নামাজের পর উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে স্থানীয় মোল্লারহাট বাজারে এ সভার আয়োজন করা হয়।
শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন।
শিয়ালকাঠী ইউনিয়নের বিট অফিসার এসআই দীপক বালার সঞ্চালনায় বক্তব্য রাখেন, কাউখালী থানার এসআই মেহেদী হাসান, শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সেপাই, ওয়ার্ড বিএনপির নেতা মোঃ শাফায়েত খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা বলেন, মাদক, চুরি, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। প্রতিটি এলাকায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সন্দেহজনক যেকোনো কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের সভাপতি মোঃ মনিরুজ্জামানমিন্টু বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু পুলিশের নয়, সমাজের প্রতিটি মানুষের। মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করব।
অনুষ্ঠানের প্রধান অতিথি কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন,মাদক, বাল্যবিবাহ, চুরি-ডাকাতি কিংবা যে কোনো অপরাধের বিরুদ্ধে কাউখালী থানা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ দমন সম্ভব নয়।
আপনারা যেকোনো অপরাধ বা সন্দেহজনক তথ্য দ্রুত পুলিশকে জানাবেন। তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে। নিরাপদ ও শান্তিপূর্ণ কাউখালী গড়তে পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
সভা শেষে উপস্থিত এলাকাবাসী মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:১৬:৪৯ ৮ বার পঠিত | ● আইন শৃঙ্খলা ● কাউখালী ● সভা