ঢাকা    বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় অবৈধ মাটি কাটায় ধ্বংস গ্রামীণ সড়ক

ভেড়ামারায় অবৈধ মাটি কাটায় ধ্বংস গ্রামীণ সড়ক


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬


ভেড়ামারায় অবৈধ মাটি কাটায় ধ্বংস গ্রামীণ সড়ক

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফসলি ও সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব চলছে। অবাধে মাটি কাটার ফলে গ্রামীণ রাস্তাঘাট ভেঙে সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। এতে মাঠের পাকা আবাদ ঘরে তোলা নিয়ে চরম বিপাকে পড়েছেন স্থানীয় শত শত কৃষক। দ্রুত এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ না হলে মাঠেই কৃষকের কোটি টাকার ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের একটি প্রভাবশালী মহল কোনো ধরনের প্রশাসনিক অনুমতি ছাড়াই কৃষিজমি এবং রেলওয়ের সরকারি জমি থেকে এক্সকাভেটর (ভেকু) দিয়ে মাটি কাটছে। এই মাটি ভারী ড্রাম ট্রাক ও ট্রলি দিয়ে বিভিন্ন ইটভাটাসহ অন্যত্র সরবরাহ করা হচ্ছে। দিন-রাত ধারণক্ষমতার অতিরিক্ত ওজনের এসব ভারী যান চলাচলের কারণে গ্রামীণ কাঁচা ও আধা-পাকা রাস্তাগুলো ধসে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে রাস্তাগুলোর অবস্থা এতটাই বেহাল যে, মাঠ থেকে ফসল নিয়ে একটি সাধারণ ভ্যান গাড়ি বা সাইকেল যাওয়ারও কোনো উপায় নেই। একটু বৃষ্টি হলেই পুরো রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ছে।

‎ভুক্তভোগী কৃষকেরা জানান, বর্তমানে মাঠে কলা, পাট, হলুদ, কচু, কাঁচামরিচসহ শত শত বিঘা জমির বিভিন্ন ফসল কাটার উপযোগী হয়ে রয়েছে। সাধারণ কৃষকেরা কষ্টার্জিত এই ফসল ভ্যান বা ট্রলিতে করে বাড়ি, আড়ত কিংবা মোকামে নিয়ে যান। কিন্তু যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় তারা মাঠ থেকে ফসল সরাতে পারছেন না। শুকচাঁদ, সাইদার, নজরুল, রুহুল, আবুল হোসেনসহ একাধিক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, ভূমিদস্যুদের হাত থেকে আমাদের বাঁচান। আমাদের হাড়ভাঙা খাটুনির ফসল মাঠে নষ্ট হতে চলেছে। আমরা নিরুপায় হয়ে পড়েছি।

‎সমস্যার সত্যতা স্বীকার করে মোকারিমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) নুর মোহাম্মদ বলেন, বিষয়টি জানার পরপরই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাস্তাঘাটের যে ক্ষতি হয়েছে, তাতে কৃষকদের ফসল ঘরে তোলা অসম্ভব। আমি তাৎক্ষণিকভাবে এলাকাবাসীকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি গণপিটিশন জমা দিয়েছি।

‎এ বিষয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে একটি লিখিত পিটিশন পেয়েছি। ফসলি জমি বিনষ্টকারী ও অবৈধ মাটি খোরদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎স্থানীয় ভুক্তভোগী কৃষি সমাজ ও এলাকাবাসী গ্রামীণ রাস্তাগুলো দ্রুত সংস্কার এবং অবৈধ মাটি কাটা চিরতরে বন্ধ করতে জেলা প্রশাসক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৪:৫৯   ১৯ বার পঠিত  |