ঢাকা    সোমবার, ৩ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ফ্যাসিস্টের ফটোকপি বিএনপি সরকার: জামায়াত আমির

ফ্যাসিস্টের ফটোকপি বিএনপি সরকার: জামায়াত আমির


অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২ আগস্ট ২০২৬


ফ্যাসিস্টের ফটোকপি বিএনপি সরকার: জামায়াত আমির

বিএনপির মধ্যে ফ্যাসিস্ট সরকারের ফটোকপি দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে লেবার পার্টি আয়োজিত ‘জান দিব, জুলাই দিব না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

জামায়াতের আমির বলেন, বিএনপি সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘নতুন কিছুই দেখতে পাচ্ছি না। তখনকার ফ্যাসিস্টরা যা করেছে, হুবহু তার একটি ফটোকপি আমরা আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি।’

বিএনপির উদ্দেশ্যে বিরোধীদলীয় নেতার প্রশ্ন, ‘আপনারাও তো আমাদের মতোই মজলুম ছিলেন, তাহলে এখন কেন জালিম হতে যাচ্ছেন?’

আওয়ামী লীগ আমলে বিএনপির যে ত্যাগ ছিল, তা দলটি ভুলে গিয়ে নিজেরাও আওয়ামী লীগ হয়ে উঠার চেষ্টা করছে বলেও মন্তব্য করেছেন শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘তাঁরা নিজেরাই বলেছেন, ধানখেতে পাটখেতে ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পর সেই স্মৃতি তাঁরা ভুলে গেলেন। যে স্বভাব ফ্যাসিস্ট সরকারের ছিল, সেটি এখন তাঁরা ধারণ করছেন।’

বিরোধীদলীয় নেতা বলেছেন, বিরোধী মত দমনে ষড়যন্ত্র, অপপ্রচার ও বলপ্রয়োগের যে চর্চা দেখা যাচ্ছে, তা বিগত সরকারের  ফটোকপি ছাড়া আর কিছুই নয়।

বিএনপির কমিটিতে থাকা আমলাকে চুক্তিতে নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগের সমালোচনা করেন জামায়াত আমির। বলেন, ‘একজন তো প্রমোশন পেতে পেতে সচিব হয়ে গেছেন। সচিব হতে এখন আর বিসিএস পাস করা লাগবে না।  দলীয় একটা পদ থাকলেই হবে।’

হবিগঞ্জে কিশোর আলিফ হোসেনের ওপর হামলার নিন্দা জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘চোখ তো শেষ করেছিল শেখ হাসিনা। আপনারা আবার শুরু করলেন কেন? পারবেন চোখটা ফিরিয়ে দিতে? পারবেন না।’

এদিকে জুলাই জাতীয় সনদ মেনে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন, মনে করবেন না আপনি সর্বশেষ প্রধানমন্ত্রী। অন্য পদেও আসতে হবে। কেউ এক পদে আজীবন থাকে না। তখন আপনার কী হবে? প্রধানমন্ত্রী দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না, এ ছাড়া আর কোনো সংস্কারে তো আপনার আপত্তি থাকার কারণ নেই।

গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি এবং লোডশেডিংয়ের তথ্য তুলে ধরে তারেক রহমান সরকারকে ব্যর্থ বলে বলে আখ্যা দেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেছেন, বারবার হামলা করে লাভ হবে না। জেলে যাব নয়তো কবরে, মাথা নত করব না।

গণভোটের ফল বাস্তবায়নের দাবি জানিয়ে সভাপতির বক্তব্যে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ১৯৭১ এবং ২০২৪ এর চেতনা এক ও অভিন্ন। কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো আসেনি।

সভায় আরও বক্তৃতা করেন বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মূসা বিন ইযহার, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৫৯   ৭ বার পঠিত  |