ঢাকা    বুধবার, ১২ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » গলাচিপায় কুয়ায় পড়ে শিশুর মৃত্যু

গলাচিপায় কুয়ায় পড়ে শিশুর মৃত্যু


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬


 গলাচিপায় কুয়ায় পড়ে শিশুর মৃত্যু

পটুয়াখালী: গলাচিপা উপজেলায় কুয়ায় পড়ে মাসুম বিল্লাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার চরকাজল ইউনিয়নের ছোট কাজল গ্রামের জমাদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত মাসুম বিল্লাহ ওই গ্রামের মোঃ শাকিল খন্দকার ও রিনা বেগম দম্পতির একমাত্র সন্তান। স্বজনরা জানান, শিশুটির বাবা-মা জীবিকার তাগিদে ঢাকায় কাজ করেন। এ কারণে মাসুম দাদা-দাদির সঙ্গে বাড়িতে থাকত। আজ সকালে ঘুম থেকে ওঠার পর দাদি তাকে ভাত খাওয়ান। পরে শিশুটি খেলতে বাড়ির পাশে যায়। এর একপর্যায়ে বাড়ি সংলগ্ন কুয়ায় শিশুটি পড়ে যায়।

পরে শিশুটিকে দেখতে না পেয়ে দাদি খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কুয়ার পানিতে ডুবন্ত অবস্থায় মাসুমকে উদ্ধার করা হয়। পরে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গলাচিপা থানার সেকেন্ড অফিসার মোঃ রানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ডাক্তারদের সাথে আলাপ আলোচনা করেন। তিনি জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫০:৫৫   ৩৫ বার পঠিত  |