ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬


 সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মানিকগঞ্জ: ‘মাদক ছাড়ুন, সুন্দর জীবন গড়ুন’ ও ‘পরিবার, সমাজ ও দেশ বাঁচাও, মাদক রুখতে হবে একসাথে’এই স্লোগানকে সামনে রেখে মাদক ও এর সহযোগীদের দৌরাত্ম্য এবং এলাকাবাসীকে হুমকি দেওয়ার প্রতিবাদে মানিকগঞ্জের সিংগাইরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪ টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা দক্ষিন পাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সুদক্ষিরা এলাকার সড়ক থেকে মাদকবিরোধী স্লোগান দিতে দিতে একটি মিছিল উত্তর বকচর পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে মিছিলটি উত্তর বকচর এলাকার বাস্তা-মানিকনগর সড়কের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন, হাজী রফিকুল ইসলাম, জামির্ত্তা ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্বাছ উদ্দিন, হাজী শহিদুল ইসলাম, মাহমুদ উল্লাহ, মনির হোসেন, রায়হান রহমান,রিয়াদুল ইসলাম, মেহেদী হাসান, ডাক্তার রিয়াজুল ইসলাম, মিলন মাহমুদ প্রমুখ। এসময় বক্তারা বলেন, মাদকের কারণে তরুণ সমাজসহ বিভিন্ন বয়সী মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এ সময় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তাদের অভিযোগ, এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ থাকলেও মাদক বিক্রি ও সরবরাহ বন্ধে পুলিশের তৎপরতা প্রত্যাশিত মাত্রায় দেখা যাচ্ছে না। মাদকবিরোধী অবস্থান নেওয়া এলাকাবাসীকে হুমকি দেওয়ার অভিযোগও করেন তারা।বক্তারা মাদকের বিরুদ্ধে কার্যকর অভিযান, মাদক বিক্রির স্থান চিহ্নিত করা এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন মাদকবিরোধী স্লোগান দেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৩৬:১৯   ৯ বার পঠিত  |