ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া

মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া


রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া

মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে পাবনার ঈশ্বরদী শহরে প্রকাশ্যে মহড়া দিলেন সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পি। একপর্যায়ে তিনি থানায় গিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ করেন। এ সময় তার সঙ্গে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুলভ মালিথা ছিলেন। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

বাপ্পির দাবি, তাকে হত্যার হুমকিদাতাদের এবং মাদক ও সুদের কারবারিদের ওপেন চ্যালেঞ্জ দিতে তিনি অস্ত্র হাতে মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নেমেছেন।

এদিকে বাপ্পিকে গ্রেপ্তারের দাবিতে ছাত্রদল, যুবদল ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা থানার সমানে জড়ো হয়ে স্লোগান দেন। পরে পুলিশ বাপ্পিকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় আটকে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ও থানার ওসি আশাদুর রহমান আসাদের নেতৃত্বে পুলিশ সদস্যরা থানার সামনে অবস্থান নেন।

বাপ্পির দাবি, ঈশ্বরদীর কতিপয় সন্ত্রাসী তাকে হত্যার হুমকি দিয়েছে। এ কারণে তিনি হুমকিদাতাদের ওপেন চ্যালেঞ্জ দিয়ে শহরের কলেজ রোডে তার বাড়ি থেকে অস্ত্র হাতে মাথায় কাফনের কাপড় বেঁধে জিরো পয়েন্ট রেলগেটে আসেন। সেখান থেকে সন্ধ্যায় থানায় গিয়ে বলেন, ‘আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, এ কারণে আমি ওপেন চ্যালেঞ্জ দিতে প্রকাশ্যে রাস্তায় নেমেছি। থানায় এসেছি।’

এদিকে জুবায়ের বাপ্পির থানায় থাকার খবর পেয়ে পেয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, বিএনপি নেতা আনোয়ার হোসেন জনি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা একজোট হয়ে কয়েকশ নেতাকর্মী নিয়ে থানার সামনে গিয়ে বিক্ষোভ করেন।

স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান বলেন, ‘জুবায়ের বাপ্পি প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে আমাকে হত্যার জন্য বকুলের মোড় থেকে রেলগেটে এসে আমাকে গালাগালি ও হত্যার হুমকি দিয়েছে। আমি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। তাঁকে গ্রেপ্তার ও তার অস্ত্রের লাইসেন্স বাতিল করতে হবে।’

ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান আসাদ বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত জুবায়ের বাপ্পিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অস্ত্র প্রদর্শন করে কাউকে হুমকি দিলে, অস্ত্রের অপব্যবহার করলে সে অস্ত্রের লাইসেন্স বাতিল করার বিধান রয়েছে। বিষয়গুলো খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বাপ্পি থানায় পুলিশের হেফাজতে ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:১৮:৫৩   ১০ বার পঠিত  |