ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » বিনোদন » ট্রেনে নিরাপত্তারক্ষীর ওপর ব্লেড দিয়ে আক্রমণের অভিযোগে অভিনেত্রী অন্তরা গ্রেপ্তার

ট্রেনে নিরাপত্তারক্ষীর ওপর ব্লেড দিয়ে আক্রমণের অভিযোগে অভিনেত্রী অন্তরা গ্রেপ্তার


অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট ২০২৬


ট্রেনে নিরাপত্তারক্ষীর ওপর ব্লেড দিয়ে আক্রমণের অভিযোগে অভিনেত্রী অন্তরা গ্রেপ্তার

মুম্বাইয়ে ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বচসার জেরে আরপিএফের (ভারতের রেলওয়ে সুরক্ষা বাহিনী) কর্মীদের ওপর হামলার অভিযোগে মডেল-অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার কেছে ভারতের রেল পুলিশ। অন্তরার বিরুদ্ধে অভিযোগ, ১২ অগস্ট অরাবলি এক্সপ্রেসের একটি সংরক্ষিত শীতাতপনিয়ন্ত্রিত কামরায় উঠে আরপিএফের কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিনেত্রী। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে তাঁর বিরুদ্ধে পোশাক খুলে ব্লেড হাতে হামলা চালানোর অভিযোগ উঠেছে।

পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজার, এই সময়ের তথ্যমতে, বাঙালি অভিনেত্রী অন্তরা শুটিংয়ের কাজে সুরাট যাচ্ছিলেন। তাঁর কাছে ছিল স্লিপার ক্লাসের টিকিট। অভিযোগ, সেই টিকিট থাকা সত্ত্বেও তিনি অরাবলি এক্সপ্রেসের সংরক্ষিত এসি কোচে উঠে পড়েন।

ট্রেনে নিরাপত্তারক্ষীর ওপর ব্লেড দিয়ে আক্রমণের অভিযোগে অভিনেত্রী অন্তরা গ্রেপ্তার

ঘটনাটি ঘটে রাত প্রায় সাড়ে ৯টা থেকে ১০টা ৫০ মিনিটের মধ্যে বোরিবলি ও ডহানুর মাঝামাঝি এলাকায়। অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর অনুযায়ী, এক যাত্রী অন্তরাকে সংরক্ষিত আসন ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু তিনি আসন ছাড়তে অস্বীকার করায় ওই যাত্রী বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আরপিএফকে জানান।

আরপিএফের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর যামিনীকান্ত মিশ্র ও কনস্টেবল রাজেশ কুমার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। অভিযোগ, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন অন্তরা।

পুলিশের দাবি, একটা সময়ে অভিনেত্রী নিজের পোশাক খুলে ফেলেন এবং হাতে একটি রেজর ব্লেড নিয়ে আরপিএফের কর্মীদের ভয় দেখাতে শুরু করেন। অভিযোগ, সেই ব্লেড দিয়ে এক কর্মীকে আঘাতও করেন তিনি। ঘটনায় নিজেও আহত হন এই অভিনেত্রী। যামিনীকান্ত মিশ্রের অভিযোগ, তাঁর পোশাক এবং মোবাইল ফোনও নষ্ট করেন অন্তরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় কামরার দরজা বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ, তখন কামরা থেকে বেরিয়ে যাওয়ার জন্য জানালর কাচ ভাঙারও চেষ্টা করেন অন্তরা। পরে ডহানু স্টেশনে তাঁকে ট্রেন থেকে নামিয়ে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২:৩৪:৫৭   ৯ বার পঠিত  |