ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২৩ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে মালবাহী লরি, রাতভর অভিযানে জীবিত উদ্ধার ২

নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে মালবাহী লরি, রাতভর অভিযানে জীবিত উদ্ধার ২


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬


 নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে মালবাহী লরি, রাতভর অভিযানে জীবিত উদ্ধার ২

পটুয়াখালী: গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায় একটি মালবাহী লরি। দুর্ঘটনায় লরির ভেতরে আটকা পড়েন চালক ও হেলপার। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা রাতভর অভিযান চালিয়ে তাদের দুজনকেই জীবিত উদ্ধার করেন। পরে আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার,২২ আগস্ট রাত ১টা ১৫ মিনিটের দিকে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া দুজন হলেন—মাগুরার মোহাম্মদপুর উপজেলার খলিশাখা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আব্দুল হালিম এবং চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার পৌর এলাকার ইসমাইল হোসেনের ছেলে আবুল হোসেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, লরিটি চট্টগ্রাম থেকে কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল। গভীর রাতে গাবুয়া স্ট্যান্ড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে লরিটি মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। পরে লরিটি পানিতে পড়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক ও হেলপার লরির ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে পটুয়াখালী সদর ফায়ার স্টেশনের লিডার সুবোধ চন্দ্র মন্ডলের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময়ের অভিযানে ফায়ার সার্ভিসের সদস্যরা হাইড্রোলিক পাওয়ার কাটার, র‍্যাম জ্যাক ও স্পেডারসহ বিভিন্ন উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে লরির ভেতরে আটকে থাকা দুইজনকে জীবিত অবস্থায় বের করে আনেন। উদ্ধার অভিযানে স্থানীয়রাও সহযোগিতা করেন।

পটুয়াখালী সদর ফায়ার স্টেশনের লিডার সুবোধ মন্ডল বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করি। কৌশলগতভাবে বিভিন্ন উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে দীর্ঘ সময়ের চেষ্টায় লরির ভেতর থেকে দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে তাদের দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩২:২১   ৩৭ বার পঠিত  |