![]()
প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সহকারী একান্ত সচিব-২ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নাম ও পরিচয় ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে কাকন রানা নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
ডিএমপি জানায়, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নাম ও পরিচয় ব্যবহার করে দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলার অভিযোগে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই তদন্তের দায়িত্ব নেয় ডিএমপির সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। তদন্তে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় কাকনের হেফাজত থেকে প্রতারণামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন ও সাতটি সিমকার্ড উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর ব্যবহৃত মোবাইল ডিভাইস পরীক্ষা করে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নামে তৈরি দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্টসহ ৫০টিরও বেশি অ্যাকাউন্ট পাওয়া যায়। এমনকি তাঁর মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জোবাইদা রহমানের নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া যায়।
উদ্ধার মোবাইল ডিভাইসসহ অন্যান্য ডিজিটাল আলামত আইনগত প্রক্রিয়ায় সংরক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা চলছে। গ্রেপ্তার কাকন রানার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০:০৯:১০ ৭ বার পঠিত | ● আইডি ● ফেসবুক ● ভুয়া