ঢাকা    রবিবার, ৩০ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৩০ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » পটুয়াখালীতে যুবদল নেতাকে কুপিয়ে হাতের রগ কেটে দিলো যুবক

পটুয়াখালীতে যুবদল নেতাকে কুপিয়ে হাতের রগ কেটে দিলো যুবক


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট ২০২৬


 পটুয়াখালীতে যুবদল নেতাকে কুপিয়ে হাতের রগ কেটে দিলো যুবক

পটুয়াখালী: বাউফলে এক যুবদল নেতাকে কুপিয়ে আহত করা হয়েছে। এতে ভুক্তভোগী ওই যুবদল নেতার হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার,২৯ আগস্ট সন্ধ্যা দাড়ে ৭টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরকচুয়া গ্রামের বেল্লাল মল্লিকের দোকান সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী রমিজ মৃধা চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও স্থানীয় প্রয়াত পঞ্চম আলী মৃধার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যুবদল নেতা রমিজ দোকানের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় তার প্রতিবেশী জিসান মৃধা (২০) নামে এক যুবক হঠাৎ এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসক তাকে বরিশালে রেফার্ড করেন।

স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে জিসানকে মাদক সেবনের অভিযোগে বকাঝকা করেছিলেন ভুক্তভোগী যুবদল নেতা। পরে গত মঙ্গলবার ৫০ হাজার টাকা চুরির অভিযোগে অভিযুক্ত জিসানকে মারধর করেন রমিজ মৃধা। ওই ঘটনার জের ধরে রমিজ মৃধার ওপর হামলা করা হয়েছে বলে ধারণা করেন স্থানীয়রা।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মামুনুর রশিদ বলেন, হাতে ধারালো অস্ত্রের আঘাত থাকায় অতিরিক্ত রক্তক্ষরণ ও অন্যান্য পরীক্ষা করে ধারণা করা হয়েছে তার হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেই তাকে বরিশালে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর পরই অভিযুক্ত পলাতক রয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনা জানতে পেরে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৪০:৪১   ৭ বার পঠিত  |