![]()
পিরোজপুর: কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা পরিষদের সাবেক সদস্য ও কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-স্থানীয় বিষয়ক সম্পাদক মোঃ মামুন হোসাইন ওরফে বাবলু জোমাদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাবের যৌথ দল।
গোপন সংবাদের ভিত্তিতে এবং প্রযুক্তিগত সহায়তায় বুধবার (৮ সেপ্টেম্বর) ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কাউখালী থানায় নিয়ে আসা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত বাবলু জোমাদ্দার কাউখালী উপজেলার নীলতি গ্রামের মৃত আঃ বারেক জোমাদ্দারের ছেলে। তিনি একটি চেক জালিয়াতির মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া ২০২৪ সালে কাউখালী উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার ৮ নম্বর পলাতক আসামি হিসেবেও তিনি অভিযুক্ত।
কাউখালী থানার এএসআই মহিউদ্দিন ও এসআই খায়রুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, “সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে কাউখালী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। কাউখালীকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে পুলিশের এ ধরনের আইনগত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৩৪:১৭ ১২ বার পঠিত | ● কাউখালী ● গ্রেপ্তার