ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে শিক্ষিকার স্বামী নিখোঁজ,দু’দিনেও মিলেনি হদিস

চরফ্যাসনে শিক্ষিকার স্বামী নিখোঁজ,দু’দিনেও মিলেনি হদিস


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬


চরফ্যাসনে শিক্ষিকার স্বামী নিখোঁজ,দু’দিনেও মিলেনি হদিস
ভোলা: চরফ্যাসনে মো. মিজানুর রহমান নামে এক স্কুল শিক্ষিকার স্বামী নিখোঁজ হয়েছেন। তাঁকে অপহরণ করা হয়েছে এমন অভিযোগে করে আজ সোমবার চরফ্যাসন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর স্ত্রী সুলতানা আফরোজ। তিনি চরফ্যাসন সরকারি টি. ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের গনিত বিভাগের সহকারী শিক্ষিকা।
জিডি ও পরিবারের সূত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে কলেজ রোডস্থ চরফ্যাশন খাসমহল হাফেজিয়া মাদরাসা মার্কেটের সামনে থেকে মিজানুর রহমান নিখোঁজ হন। এরপর থেকে তাঁর মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
পরিবারের অভিযোগ, ঘটনার সময় কয়েকজন ব্যক্তি মিজানুর রহমানকে একটি অটোরিকশায় জোরপূর্বক তুলে নিয়ে যান। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁর দুই ভাই আলী হোসেন ও মনির হোসেনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি এ ঘটনায় জড়িত ছিলেন।
তবে মিজানুর রহমানকে অপহরণ এবং ওই ব্যক্তিদের সংশ্লিষ্টতার অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে পরিবার।
জিডিতে মিজানুর রহমানের বয়স আনুমানিক ৩৯ বছর, উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি এবং ওজন ৬৫ কেজি উল্লেখ করা হয়েছে। তাঁর গায়ের রং ও পরনের পোশাকসহ অন্যান্য পরিচয়ও জিডিতে উল্লেখ রয়েছে।
মিজানুর রহমানের স্ত্রী সুলতানা আফরোজ বলেন, আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না। কোথায় আছেন, কী অবস্থায় আছেন কিছুই জানতে পারছি না।আইন শৃংখলা বাহিনী ও সকল স্তরের মানুষের সহযোগিতায় আমরা দ্রুত তাঁর সন্ধান চাই।
পরিবারের পক্ষ থেকে মিজানুর রহমানকে দ্রুত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে চরফ্যাসন থানার ডিউটি অফিসার (চলতি দায়িত্ব) বললেন তার স্ত্রী থানায় একটি ডিজি করেছেন।এরপর থেকে মিজানুর রহমানকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৯:৩৩   ৫ বার পঠিত  |