ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » নেছারাবাদে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নেছারাবাদে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬


নেছারাবাদে শীর্ষ নারী মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী ইয়াবাসহ গ্রেফতার

পিরোজপুর: নেছারাবাদে ইয়াবা ট্যাবলেটসহ শিল্পী বেগম ওরফে ফাতেমা (৩৮) ও তার স্বামী মো. সাখাওয়াত হোসেন (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার ইদেলকাঠি গ্রামের একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত শিল্পী বেগম নেছারাবাদ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর স্বরূপকাঠি এলাকার মৃত ফারুক মোল্লার মেয়ে। তার স্বামী সাখাওয়াত হোসেন উপজেলার আউরিয়া এলাকার মৃত ফজলুল হকের ছেলে।

পুলিশসূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ইদেলকাঠি গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিল্পী বেগম ও তার স্বামী সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়দের দাবি, শিল্পী বেগম নেছারাবাদ থানা এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। স্থানীয় কয়েকজনের অভিযোগ, শিল্পী দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজার ব্যবসার সঙ্গে জড়িত। তারা দাবি করেন, বিভিন্ন এলাকা থেকে মাদক এনে নেছারাবাদ ও পার্শ্ববর্তী এলাকায় খুচরা বিক্রেতাদের মাধ্যমে তা বিক্রি করা হয়।

স্থানীয়দের আরও অভিযোগ, মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থে শিল্পী জমি ও বাড়ি করেছেন এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে অর্থ রেখেছেন। মাদক মামলায় গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়ায় জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, শিল্পী একজন বড় মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। গতকাল ৩০ পিস ইয়াবাসহ শিল্পী ও তার স্বামী সাখাওয়াতকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাদের পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১০:৩১   ১৫ বার পঠিত  |