পটুয়াখালী:পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত নিরোধে দুই কিলোমিটার রাস্তার দুই পাশে তালবীজ বপন করে নজির স্থাপন করেছেন পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া বায়তুল আমান দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। তালবীজ বপনে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, লোহালিয়া নদীর পশ্চিম পাড়ে অবস্থিত দক্ষিণ মুরাদিয়া বায়তুল আমান দাখিল মাদ্রাসার সামনে দিয়ে পানি উন্নয়ন বোর্ডের নবনির্মিত বেড়িবাঁধ সড়কের দুই পাশে দুই কিলোমিটারজুড়ে সারিবদ্ধভাবে ৫ শতাধিক তালবীজ বপন করা হয়েছে।
এলাকার সত্তরোর্ধ্ব মো. আ. করিম কাজী বলেন, আগেকার দিনে এলাকায় ব্যাপক তালগাছ দেখা যেত। বাড়ির আঙিনা, পুকুরপাড়, ভিটা ও রাস্তার দুই পাশে সারি সারি তালগাছ ছিল। বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে পানিতালা (তালশাঁস) খাওয়ার ধুম পড়ত। আষাঢ়-শ্রাবণ থেকে আশ্বিন মাস পর্যন্ত পাকা তাল দিয়ে নানা ধরনের পিঠা-পুলি ঘরে ঘরে খাওয়া হতো। কিন্তু কালের আবর্তে ক্রমেই হারিয়ে যাচ্ছে তালগাছ। বর্তমানে তালগাছ বিলুপ্তির দ্বারপ্রান্তে।
বায়তুল আমান দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মাসুদুর রহমান বলেন, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাধ্যমে এলাকা থেকে তালবীজ সংগ্রহ করে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে নিয়ে পানি উন্নয়ন বোর্ডের নবনির্মিত সড়কের দুই পাশে তালবীজ বপন করা হয়েছে। মাদ্রাসার উদ্যোগে পরিবেশ রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমানোর লক্ষ্যে প্রায় ৫০০টি তালের বীজ বপন করা হয়েছে। আয়োজকদের লক্ষ্য, ভবিষ্যতে এসব বীজ থেকে তালগাছ গড়ে উঠবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে ভূমিকা রাখবে।
মাদ্রাসার সুপার মাওলানা রুহুল আমিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় স্বতঃস্ফূর্তভাবে তালবীজ বপন করা হয়েছে।
তালগাছ একটি উপকারী বৃক্ষ। এ গাছ থেকে জ্বালানি ও মুখরোচক খাবার পাওয়া যায়। পরিপক্ব তালগাছ দিয়ে বসতঘর নির্মাণ ও কোষা ডিঙ্গি (নৌকা) তৈরি করা হয়।
এ বিষয়ে দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন বলেন, এ ধরনের উদ্যোগ খুবই ভালো। তালগাছ বজ্র নিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর ভূমিকা পালন করে। তালগাছের ফল সব শ্রেণি-পেশার মানুষ পছন্দ করে। তালগাছের কোনো অংশই ফেলার নয়; সবকিছুই ব্যবহার করা যায়। তালবীজ বপনের পর নিয়মিত যত্ন, পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ প্রয়োজন। তা না হলে তালচারা বাঁচানো দুষ্কর হয়ে যায়।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৯:০৯:৫২ ৩ বার পঠিত | ● তালবীজ ● পটুয়াখালী ● বপন