ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে ধর্ষণ মামলায় এনসিপির নেতা গ্রেফতার

কালীগঞ্জে ধর্ষণ মামলায় এনসিপির নেতা গ্রেফতার


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬


ধর্ষণ মামলায় কালীগঞ্জে এনসিপির বহিষ্কৃত নেতা গ্রেফতার

গাজীপুর:কালীগঞ্জে কলেজছাত্রী ধর্ষণ মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা জাহিদ মুন্সিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার নাগরী ইউনিয়নের পিপুলিয়া এলাকা থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। পরে বুধবার দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

অভিযুক্ত জাহিদ মুন্সি কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনসেফপুর গ্রামের জাকির হোসেনের ছেলে। তিনি উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব পদে দায়িত্বে ছিলেন।

গত ১৪ সেপ্টেম্বর ধর্ষণের শিকার ছাত্রীর বড় বোন বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ধারায় কালীগঞ্জ থানায় মামলা করেন। এ ঘটনার পর গাজীপুর জেলা জাতীয় নাগরিক পার্টি তাকে দল থেকে বহিষ্কার করে।

মামলা ও থানা সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌর এলাকার খোদেজা শপিং কমপ্লেক্সে চশমা ও ঘড়ির ব্যবসা করতেন জাহিদ মুন্সি। সম্প্রতি কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী তার দোকান থেকে ঘড়ি কিনতে যান। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা নিয়মিত মোবাইল ফোনে কথা বলতেন এবং বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতেন। একপর্যায়ে বিয়ের কথা বলে তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন।

অভিযোগ রয়েছে, ঘোরাঘুরির কথা বলে ওই ছাত্রীকে রিসোর্ট, হোটেলসহ বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন জাহিদ। এরপর ওই ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে তিনি তালবাহানা করতে থাকেন।

গত ১০ সেপ্টেম্বর দুপুরে শ্রমিক কলেজ থেকে জাহিদ মুন্সি ওই ছাত্রীকে পূবাইল থানাধীন মীরের বাজারের একটি গেস্ট হাউজে নিয়ে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। একই দিন বিকেলে তাকে আড়িখোলা রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারের ভেতরে নিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হন বলেও অভিযোগ রয়েছে।

পরে ওই ছাত্রী বিয়ের কথা বললে তাকে হুমকি দেওয়া হয় যে, তার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। এরপর ওই শিক্ষার্থী বিষয়টি তার বড় বোনকে জানান। বড় বোন বাদী হয়ে গত ১৪ সেপ্টেম্বর কালীগঞ্জ থানায় জাহিদ মুন্সির বিরুদ্ধে মামলা করেন। মামলার নয় দিন পর মঙ্গলবার রাতে জাহিদ মুন্সিকে গ্রেফতার করে থানা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, মামলা হওয়ার পর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত ছিল। মঙ্গলবার রাতে নাগরী ইউনিয়নের পিপুলিয়া এলাকা থেকে পূবাইল থানা পুলিশের সহযোগিতায় জাহিদ মুন্সিকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২১:৪৭:৫৬   ৪ বার পঠিত  |