![]()
পটুয়াখালী: কলাপাড়া ব্রিজের উত্তর পাশে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি বড় টাওয়ারের ইনসুলেটর খুলে নদীতে পড়ে গেছে। এতে আজ সকাল থেকে কলাপাড়া উপজেলায় কুয়াকাটাসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, কলাপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় ৩৩ কেভি সঞ্চালন লাইনের একটি টাওয়ারের ইনসুলেটর খুলে নদীতে পড়ে যাওয়ার পর বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ত্রুটি শনাক্ত করে মেরামতের কাজ শুরু করেছেন। ক্ষতিগ্রস্ত টাওয়ারটি মেরামত করে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ চালু করতে প্রায় আট ঘণ্টা সময় লাগতে পারে। তবে মেরামতের কাজ দ্রুত শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় কুয়াকাটা পৌর এলাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দা ও ব্যবসায়ীরা। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় হোটেল-মোটেল, রেস্তোরাঁ, দোকানপাটসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হচ্ছে।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এমএ মোতালেব শরীফ বলেন, বিদ্যুৎ না থাকায় (বুধবার) সকাল থেকে অধিকাংশ হোটেলের পর্যটকেরা ভোগান্তিতে রয়েছেন। বিগত কিছুদিন ধরে অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে দিনের অধিকাংশ সময় জেনারেটর চালাতে হয়েছে আমাদের। বর্তমানে বিদ্যুৎ সরবরাহ কিছুটা স্বাভাবিক হলেও, আজ ৩৩ কেভি লাইন নষ্ট হওয়ায় পুনরায় ভোগান্তির শিকার পর্যটন ব্যবসা।
এ বিষয়ে কুয়াকাটা সাব জোনাল অফিসের ডিজিএম মোস্তফা আমিনুল রাসেদ জানান, ইনসুলেটর খুলে নদীতে পড়ে যাওয়ায় সকাল থেকে পুরো উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। মেরামতের অগ্রগতি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে ৮-১০ ঘণ্টার মতো সময় লাগতে পারে। তবে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহের চেষ্টাও করা হচ্ছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৯:০৫:২৮ ২৭ বার পঠিত | ● কলাপাড়া ● বন্ধ ● বিদ্যুৎ ● সরবরাহ