ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় পদ্মায় নৌকা থেকে পড়ে কৃষক নিখোঁজ

ভেড়ামারায় পদ্মায় নৌকা থেকে পড়ে কৃষক নিখোঁজ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬


ভেড়ামারায় পদ্মায় নৌকা থেকে পড়ে কৃষক নিখোঁজ, সকালে উদ্ধার অভিযান

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় পদ্মা নদী পার হওয়ার সময় নৌকা থেকে পড়ে উজির মন্ডল (৬০) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন।

২৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১২টার দিকে চাঁদগ্রাম ইউনিয়নের অন্তর্গত পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ উজির মন্ডল ওই ইউনিয়নের মন্ডলপাড়ার বাসিন্দা এবং মৃত খেদের আলী মন্ডলের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি এলাকায় বাবুর্চি হিসেবেও পরিচিত ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার দুপুরে উজির মন্ডল নৌকায় করে পদ্মা নদী পার হচ্ছিলেন। নদীর ওপারে নিজের আবাদি জমিতে কালাই বুনতে যাওয়ার উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছিলেন। নৌকাটি নদীর মাঝামাঝি পৌঁছালে অসাবধানতাবশত তিনি হঠাৎ পানিতে পড়ে যান এবং স্রোতের টানে তলিয়ে যান। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা নৌকা, জাল ও বরশি নিয়ে নদীতে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাঁকে উদ্ধার করতে পারেননি।

এদিকে নিখোঁজ কৃষককে উদ্ধারের জন্য খুলনা থেকে একটি বিশেষ ডুবুরি দল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভেড়ামারার দুর্ঘটনাস্থলে পৌঁছায়। তবে বর্তমানে পদ্মা নদীতে তীব্র স্রোত থাকায় রাতে উদ্ধার অভিযান চালানো ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ডুবুরি দল। ফলে শুক্রবার রাতের পরিবর্তে শনিবার সকাল থেকে আনুষ্ঠানিক উদ্ধার অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন ও ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে পুরো মন্ডলপাড়া ও চাঁদগ্রাম ইউনিয়ন এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ কৃষকের পরিবারের সদস্যরা নদীর তীরে ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:১৭:০২   ১৬ বার পঠিত  | ●   ●   ●