ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » রানী বেগম হত্যা মামলায় হালিমের যাবজ্জীবন, স্ত্রী পুষ্পের ১০ বছর

রানী বেগম হত্যা মামলায় হালিমের যাবজ্জীবন, স্ত্রী পুষ্পের ১০ বছর


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


রানী বেগম হত্যা মামলায় হালিমের যাবজ্জীবন, স্ত্রী পুষ্পের ১০ বছর

পটুয়াখালী: বাউফল উপজেলার কেশবপুরে চাঞ্চল্যকর রানী বেগম হত্যা মামলায় মো. হালিম রাড়িকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার স্ত্রী পুষ্প বেগমকে দণ্ডবিধির ৩০৪ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় দেন। এ সময় প্রধান আসামি মো. হালিম রাড়ি আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি তার স্ত্রী পুষ্প বেগম পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১১ ডিসেম্বর বিকেলে লাউগাছের গোড়ায় মাটি দেওয়াকে কেন্দ্র করে বাদী মো. আবুল কাশেম রাড়ির সঙ্গে হালিম রাড়ির বিরোধ সৃষ্টি হয়। এর পরদিন ১২ ডিসেম্বর ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে বাউফল উপজেলার কেশবপুর এলাকায় বাদীর স্ত্রী মোসাঃ রানী বেগমকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে আঘাত করা হয়। এতে তিনি মারা যান। পরে নিহত রানী বেগমের স্বামী আবুল কাশেম রাড়ি বাদী হয়ে হালিম-পুষ্প দম্পতির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ ২০২১ সালের ৪ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় মোট ২২ জন সাক্ষীর মধ্যে বাদী, তদন্তকারী কর্মকর্তা ও চিকিৎসকসহ ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৫৮:৪৩   ৮ বার পঠিত  | ●   ●   ●