![]()
পটুয়াখালী: চাঁদাবাজির মামলায় পটুয়াখালীর বাউফলের দুই সাংবাদিকের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার, ২৭ সেপ্টেম্বর পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।
কারাগারে পাঠানো দুই সাংবাদিক হলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) উপকূলীয় প্রতিনিধি এনামুল হক এনা (৩৫) এবং দৈনিক জাগো জনতার বাউফল উপজেলা প্রতিনিধি মো. রিয়াজ হোসেন (৩৭)।
আদালত সূত্রে জানা গেছে, চাঁদাবাজির এ মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষে রোববার তারা পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার ও বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে এনামুল হক এনা, মো. রিয়াজসহ আরও কয়েকজন বাউফলের দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের একটি হিন্দু পরিবারের বাড়িতে যান। এ সময় তারা নিজেদের সাংবাদিক ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয় দিয়ে পরিবারের কাছে তিন লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করা হয়।
বাদী রতন মণ্ডলের অভিযোগ, টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের ভয়ভীতি দেখানো হয় এবং বাড়িতে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে পরিবারের সদস্যরা স্থানীয় এক দোকানির কাছ থেকে ধার করে ২০ হাজার টাকা দেন। পরদিন আরও ১০ হাজার টাকা দেওয়ার আশ্বাস দিলে অভিযুক্তরা সেখান থেকে চলে যান বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় রতন মণ্ডল ২৮ জুলাই বাউফল থানায় মামলা করেন। মামলায় এনামুল হক এনা ও মো. রিয়াজ হোসেনের নাম উল্লেখ করে আরও পাঁচ থেকে ছয়জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।
মামলা সূত্রে আরও জানা গেছে, কয়েক দিন আগে পুলিশ এ মামলায় আদালতে প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী রতন মণ্ডল বলেন, ‘ন্যায়বিচার পাওয়ার জন্য আমি আদালতের দ্বারস্থ হয়েছি। পরবর্তীতেও ন্যায়বিচার পাব বলে আশা করি। আদালতের প্রতি আমার শতভাগ বিশ্বাস রয়েছে।’
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:৫২:৩৫ ১৩ বার পঠিত | ● কারাগার ● দুই সাংবাদিক ● পটুয়াখালী