ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত

চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত


অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬


চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত

সরকারি সেবা নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে মারামারির কারণে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। বাজারের ইজারা নিয়ন্ত্রণ, সারের ডিলার নিয়োগ, ইমাম-খতিবের ভাতা এবং কৃষক ও ফ্যামিলি কার্ড বিতরণের তালিকা প্রণয়নকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটছে বলে দলটির অভিযোগ।

সোমবার রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সার বিতরণ এবং কৃষক ও ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়ন নিয়ে ইউএনওর কার্যালয়ে হামলা হচ্ছে। দেশ চরম বিশৃঙ্খলার মধ্যে চলছে।

গোলাম পরওয়ার বলেন, সরকারদলীয় নেতাকর্মী ও মন্ত্রীরা সব অপরাধে মদদ দিচ্ছেন। সরকারের ওপর মহলের সংকেতে সন্ত্রাসীরা সুযোগ পাচ্ছে। অপরাধে জড়িত দলের নেতাকর্মীদের বিষয়ে না বলে সরকার বিরোধী দলের ওপর দায় চাপাতে চায়। এভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই, কারণ বেড়ায় খেত খাচ্ছে।

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন তুলে জামায়াতের সেক্রেটারি বলেন, যুবদল ও ছাত্রদল করেছেন—এমন ব্যক্তিদের বেছে বেছে নিয়োগ দেওয়া হচ্ছে। আগামী নির্বাচনে পোলিং অফিসার বাছাই করাই এর উদ্দেশ্য।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ব্যর্থ আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, সরকারের সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। প্রতিটি রাজনৈতিক দল ও সুশীল সমাজ উদ্বেগ প্রকাশ করছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাক। বিএনপি ক্ষমতায় গিয়ে সারা দেশ নিয়ন্ত্রণে সিন্ডিকেট গড়ে ফ্যাসিবাদী পথ বেছে নিয়েছে। এতে সন্ত্রাস বাড়ছে।

বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসনে বিএনপির সংরক্ষিত নারী আসনের সদস্যদের খবরদারিকে অগণতান্ত্রিক বলে আখ্যা দেন গোলাম পরওয়ার। তিনি বলেন, নির্বাচিত এমপিদের ওপর অনির্বাচিত সংরক্ষিত নারী এমপিদের খবরদারির দায়িত্ব দেওয়া হয়েছে। উন্নয়নকাজে নির্বাচিত এমপিদের ডিও লেটার বাদ দিয়ে সংরক্ষিত নারী এমপিদের ডিও লেটারের ভিত্তিতে বরাদ্দ দেওয়া হচ্ছে, যা আগে ছিল না।

নারী এমপির ইন্ধনে ও মদদে দেশজুড়ে সন্ত্রাস, চাঁদাবাজি, হামলা ও ভাঙচুর চলছে বলে অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও মূল্যবান সামগ্রী লুটপাট এবং ইসিবিতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলাসহ দেশের বিভিন্ন স্থানে সরকারদলীয় লোকজনের ইন্ধনে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে।

গোলাম পরওয়ার বলেন, রাজধানীতে মানুষের জানমালের নিরাপত্তা না থাকলে সারা দেশের মানুষও নিরাপত্তাহীনতায় থাকে। দ্রব্যমূল্য, সার, গ্যাস ও বিদ্যুতের সংকট নিরসনে ব্যর্থ সরকার দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে চায়। এর মাধ্যমে বিরোধী দলকে তাদের মূল অ্যাজেন্ডা নিয়ে কথা বলা থেকে বিরত রাখতে চায়। গণভোটের রায় বাস্তবায়ন না করায় সরকারের ওপর মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, তা ঢাকতেও সরকার এমন করছে বলে অভিযোগ করেন তিনি।

সংবিধান সংশোধনে আবার গণভোট আয়োজনের প্রস্তাবের সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি বলেন, সরকার ভয়ংকর পথে হাঁটছে। জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশন যে পদ্ধতি দিয়েছিল, তা বাদ দিয়ে সরকার জাতিকে চ্যালেঞ্জ ও সংকটের দিকে ঠেলে দিয়েছে। তাঁর অভিযোগ, সরকার ধৃষ্টতা দেখিয়ে ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়নের নামে দলীয় অ্যাজেন্ডা এগিয়ে নিচ্ছে এবং জনগণকে বিভ্রান্ত করছে। এতে জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠবে। অতীতে যারা সংখ্যাগরিষ্ঠতার জোরে গণরায় উপেক্ষা করে জনগণের ওপর ছড়ি ঘোরাতে চেয়েছেন, তারা কেউ টিকতে পারেননি।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, আবদুল হালিম ও এহসানুল মাহবুব জুবায়ের; নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ, নুরুল ইসলাম বুলবুল এমপি, শফিকুল ইসলাম মাসুদ এমপিসহ অনেকে উপস্থিত ছিলেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৩৬:৫৭   ১৩ বার পঠিত  | ●   ●