![]()
নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর গ্রামের বিল্লাল হোসেন (৩৮) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে কুমিল্লা যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে আনারপুরা বাসস্ট্যান্ডসংলগ্ন বসুন্ধরা টিস্যু মিলের সামনে কুমিল্লাগামী লেনে পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক সজোরে ধাক্কা দিলে বিল্লাল হোসেনের মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে তিনি মাথা ও ডান হাতে গুরুতর আঘাত পান। স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় করে গজারিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
কর্তব্যরত চিকিৎসক খন্দকার আরশাদ হোসেন জানান, বিল্লালের দুই কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
বিল্লাল হোসেন পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন। আড়াইহাজার উপজেলার মেঘনাবেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর বাজারে তাঁর ইলেকট্রনিকস পণ্যের একটি দোকান রয়েছে। স্বজনেরা জানান, দোকানের মালামাল আনতে বিল্লালের ঢাকায় যাওয়ার কথা ছিল। আইনি প্রক্রিয়া শেষে ভবেরচর হাইওয়ে পুলিশ মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ২১:৫৮:০৪ ১৩ বার পঠিত | ● আরোহী ● আড়াইহাজার ● মৃত্যু ● মোটরসাইকেল