ঢাকা    শনিবার, ৩ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর ২০২৬


ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় সাদিয়া (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার, ২ অক্টোবর সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি মেঘনাপাড়া এলাকায় নিজ ঘরের আড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাদিয়া ওই এলাকার বাসিন্দা ইয়ানুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে একই এলাকার আসিফ নামে এক তরুণের সঙ্গে সাদিয়ার বিয়ের কথাবার্তা চলছিল। পারিবারিকভাবে বিয়ের বিষয়টি প্রায় চূড়ান্ত করে সাদিয়াকে আংটি ও নাকফুল পরানো হয়েছিল। তবে কী কারণে বা কোন পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানা যায়নি। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে ভেড়ামারা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের অভিযোগ ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৪:৪১:১৬   ৩৪ বার পঠিত  | ●   ●   ●